চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে পবিত্র ঈদুল ফিতরের আগে যাত্রী পারাপারের জন্য বাড়তি জাহাজ চলাচলের ব্যবস্থাসহ নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমরা সন্দ্বীপবাসীর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রফিকুল মাওলা।
লিখিত বক্তব্যে রফিকুল মাওলা যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১টি দাবি তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সদরঘাট-গুপ্তছড়া নৌপথে সপ্তাহে দুদিন যাত্রীবাহী জাহাজ চলাচল করে। ঈদের এক সপ্তাহ আগে-পরে এই নৌপথে প্রতিদিন জাহাজ চলাচলের দাবি জানান তিনি। এ ছাড়া সংবাদ সম্মেলনে কুমিরা-গুপ্তছড়া নৌপথে দিনে একবারের পরিবর্তে দুবার জাহাজ চলাচলের দাবি জানানো হয়।
রফিকুল মাওলা বলেন, কুমিরা-গুপ্তছড়া নৌপথে স্পিডবোটের ভাড়া ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এখনো এই সিদ্ধান্ত কার্যকর হয়নি। মাত্র ১৬ কিলোমিটার দূরত্বে জনপ্রতি ২০০ টাকার ভাড়া আদায় হচ্ছে ৩০০ টাকা করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শোয়েব উদ্দিন, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এম এ কাসেম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির।