নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক মাসুদ, মিশুক মনীর, সাইফ আহমেদ, রফিকুল ইসলাম...ব্যানারে ছবিসংবলিত নামগুলো যেন শেষ হওয়ার নয়। ঘাতক বাসের আঘাতে অকালপ্রয়াত এমন শত শত মানুষের সারিবদ্ধ ছবি যেন মৃত্যুর মিছিলের মতোই। স্বজন হারানো প্রিয়জন আর সচেতন নাগরিকেরা গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছবিগুলো নিয়ে দাঁড়িয়েছিলেন অধিকার আদায়ে। দাবি আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা তৈরি করেছিলেন মানববন্ধন। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং নিরাপদ যাতায়াত নিশ্চিতের দাবিতে সাইফ ফাউন্ডেশন এবং ফ্যামিলি ইউনাইটেড এগেইনস্ট রোড এক্সিডেন্ট (ফুয়ারা) এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা দাবি জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসচালকের শাস্তির মেয়াদ বৃদ্ধি ও ধারাটি জামিন অযোগ্য করার। আর পরীক্ষা ছাড়া দেওয়া এক লাখ ৮৯ হাজার লাইসেন্স বাতিল করার। মানববন্ধন শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনমত তৈরি করতে গণস্বাক্ষরও গ্রহণ করা হয়।মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের সড়কপথের বেহাল অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। এর জন্য মূলত বাসচালকদের অসর্তকতাই দায়ী। যেকোনো মৃত্যুই বেদনাদায়ক। তাই এ জন্য ঘাতক বাসচালকদের জন্য কঠিন আইন প্রণয়ন করতে হবে, যাতে অন্য চালকেরা এটি দেখে শিক্ষা পায়।সাংসদ তারানা হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শত শত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। কিন্তু ঘাতক বাসচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুর্ঘটনা ঘটার পর তিন মাসের ভেতর ঘাতক বাসচালক জামিনে ছাড়া পেয়ে যায়। আবারও শুরু করে বেপরোয়া গাড়ি চালানো। এদের অজামিনযোগ্য শাস্তি দিতে হবে।’মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংসদ র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, রেজা কিবরিয়া, সাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীমা হালিম, ফুয়ারার আহ্বায়ক ইকরাম আহমেদ, এটিএন নিউজের মুন্নী সাহা প্রমুখ।