চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
নিরাপদ যাতায়াতের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। নিরাপদ যাতায়াতের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে লেগুনা উল্টে নিহত হন স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম। তাঁর মৃত্যুর প্রতিবাদে পরদিন চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আট দফা দাবি জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
গতকাল সকাল আটটা থেকেই ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নেন। এ সময় তাঁরা সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীদের বাধায় শিক্ষকেরাও একাডেমিক ভবনে ঢুকতে পারেননি। বিক্ষোভের সময় গোলচত্বরে টায়ারে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে ওই দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার করা, কাপ্তাই সড়কে তিন চাকার লেগুনা চলাচল বন্ধ করা, চট্টগ্রাম নগরের নিউমার্কেট থেকে চুয়েট পর্যন্ত সিটি বাস সার্ভিস চালু, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের সড়ক (রাস্তার মাথা থেকে চুয়েট গেট পর্যন্ত) গতিরোধক নির্মাণ, পর্যাপ্ত পুলিশ চেকপোস্ট স্থাপন করা, সড়ক সম্প্রসারণ ও সংস্কার, ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার বন্ধ রেখে চুয়েট মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে দায়ী চালককে গ্রেপ্তারে প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রাখা, শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত বিআরটিসির দুটি বাস চালুর ব্যবস্থা, লেগুনা বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিক গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সোমবার বেলা ১১টার মধ্যে দাবি আদায়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন না।
চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে চাই।’
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে বিক্ষোভের সময় ক্যাম্পাসে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অটল ভৌমিককে নাজেহাল করেন ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা। এ অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ছাত্রকল্যাণ পরিষদে তালা ঝুলিয়ে দেন। এ সময় আশুতোষ সাহার পদত্যাগ দাবি করে তাঁর কুশপুত্তলিকা পোড়ান শিক্ষার্থীরা।
তবে কোনো শিক্ষার্থীকে নাজেহাল করা হয়নি বলে জানান আশুতোষ সাহা।