বিশ্বের অন্যান্য দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা কমলেও বাংলাদেশে দিন দিন বাড়ছে। তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। এইচআইভি একটি ভয়ঙ্কর ব্যাধি। সব জড়তা ভেঙে নিরাপদ যৌন আচরণ সম্পর্কে সবাইকে সচেতন করতে পারলেই এ ব্যাধি মোকাবিলা করা যাবে। বিশ্ব এইডস দিবস সামনে রেখে গতকাল সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি আয়োজিত আলোচনা সভায় এ মতামত ব্যক্ত করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণীর এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন চৌধুরী। সিলেটের সিভিল সার্জন এম ফয়েজ আহমদ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছফির উদ্দিন আহমদ বক্তৃতা করেন। ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় মেডিসিন প্রধান শিব্বির আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় আশার আলো সোসাইটির কার্যক্রম উপস্থাপন করেন বিভাগীয় সমন্বয়কারী তাহমিনা বেগম। স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক বলেন, ‘এইচআইভির জন্য সিলেট বিভাগ খুবই ঝুঁকিপূর্ণ। তাই প্রতিরোধ কর্মসূচিকে আরও গতিশীল করতে এবং আশার আলো সোসাইটির কার্যক্রমকে সার্বিক সহযোগিতা করতে হবে। সিভিল সার্জন বলেন, সবাইকে নিরাপদ যৌন আচরণ সম্পর্কে জানতে হবে।