নিরাপদ রাস্তা পারাপারে পবার নোটিশ
বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী নগরের পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে জেব্রা ক্রসিং, পথচারী সিগন্যাল ও সাইন স্থাপনের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
আজ বুধবার পবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবার চেয়ারম্যান আবু নাসের খান এ নোটিশ দেন। পবার পক্ষে আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, ঢাকা শহরের মোট যাতায়াতের ৩৭ শতাংশই হচ্ছে পায়ে হেঁটে। তবে পথচারীদের নিরাপদ চলাচলে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করায় শহরে মোট দুর্ঘটনার ৭২ শতাংশ ক্ষেত্রেই শিকার হচ্ছে পথচারী।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ঢাকার অধিকাংশ রাস্তায় পথচারী পারাপারে জেব্রা ক্রসিং নেই। অনেক স্থানেই জেব্রা ক্রসিংগুলোর রং উঠে গেছে। জ্রেবা ক্রসিং শুরুর আগে ও পরে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এ ছাড়া নগরে পথচারী পারাপারে কোন সিগন্যাল নেই। অধিকাংশ বাড়ি ও বিপণিবিতানের মালিক গাড়ি প্রবেশের জন্য ফুটপাত ভেঙে নিজেরাই রাস্তা তৈরি করেছেন। ফলে ফুটপাতে সমান্তরাল যাতায়াত সম্ভব হচ্ছে না।
নোটিশে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩, জাতীয় সমন্বিত বহু মাধ্যম ভিত্তিক পরিবহন নীতিমালা ২০১৩–তে পথচারী ও প্রতিবন্ধীদের সমতলে নিরাপদে যাতায়াতের নির্দেশনা থাকার পরও যথার্থ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ ছাড়া পরিবহন নীতিমালায় পথচারীদের অগ্রাধিকার দেওয়া, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, পথচারীদের ফুটপাতে ওঠা–নামা সহজ করতে র্যাম্প বসানো, ট্রাফিক সিগন্যালে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে।