নিরাপদ শিল্প নিয়ে গাজীপুরে সেমিনার
‘নিরাপত্তাই প্রথম, শিল্পক্ষেত্রে আর কোনো প্রাণহানি নয়’ প্রতিবাদ্য নিয়ে গতকাল শুক্রবার গাজীপুরে একটি সেমিনার হয়েছে। সদর উপজেলার নিজস্ব কারখানা প্রাঙ্গণে সেমিনারের আয়োজন করে সানোয়ারা স্টিল অ্যান্ড ক্রিম্প লিমিটেড।
‘ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ফায়ার সেফটি’ শীর্ষক ওই সেমিনারে শিল্প কারখানায় অগ্নিনির্বাপক কলাকৌশল, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে গাজীপুরে কর্মরত ৩৫০ জনের বেশি প্রকৌশলীসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সহকারী সাধারণ সম্পাদক শেখ আল আমিন।
সেমিনারের শুরুতে শিল্পে বৈদ্যুতিক নিরাপত্তার ওপর প্রবন্ধ পড়েন স্কয়ার ফ্যাশন লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আবদুল বারী। আরও প্রবন্ধ পড়েন অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ইদ্রিস আলী ও ডুয়েটের সিভিল বিভাগের অধ্যাপক মো. খসরু মিয়া।