নিরাপদ সড়কের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শোয়েব চৌধুরী
মো. শোয়েব চৌধুরী

নিবন্ধিত প্রতি ১০ হাজার মোটরচালিত গাড়িতে প্রতিবছর ১০০ জন ব্যক্তি দুর্ঘটনায় নিহত হন। আর তাই নিরাপদ সড়ক যিনি ভুক্তভোগী শুধু তিনি বা তাঁর পরিবারের সদস্যরাই নন বরং দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় একটি বাধা। সড়ক দুর্ঘটনার বিষয়টি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমাদের দেশেই বেশি হচ্ছে। শুধু তা-ই নয়, আমাদের প্রতিবেশী দেশ ভারত, মালয়েশিয়ার চেয়েও বাংলাদেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যাই বেশি।
১৯৯০ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশ সরকার নিরাপদ সড়কের জন্য নতুন প্রতিষ্ঠান, নতুন ট্রাফিক আইনসহ বিভিন্ন নীতিমালা ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে নিরাপদ সড়ক ইস্যুতে ন্যাশনাল ল্যান্ড ট্রান্সপোর্ট পলিসি, ২০ বছরের মহাপরিকল্পনা, ২০১১-১৩ সালের জন্য সিক্সথ ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান (এনআরএসএসএপি) এবং ২০১৩-১৪ সালের জাতীয় বাজেটে ‘নিরাপদ সড়ক প্রচারাভিযান’ বিষয়ে ২০ কোটি টাকা বরাদ্দ উল্লেখযোগ্য। তবে নিরাপদ সড়কের জন্য লক্ষ্যে এসব কার্যক্রমের খুব কমই বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুর্ঘটনার তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনার হার ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তেমন পরিবর্তন হয়নি।
২০ বছরের মহাপরিকল্পনায় আছে, আগামী ২০ বছরে সড়কে চলাচলকারীর সংখ্যা বাড়বে চার থেকে সাত গুণ। একই সময়ে মোটরচালিত গাড়ির নিবন্ধনও দ্রুতগতিতে বাড়বে। বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০০৯ সালের শেষ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ১৩ লাখ সাত হাজার ৩৮৬, যা ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৩১৪। চার বছরে এ সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের উচিত যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা। পাশাপাশি এ অর্থ সঠিকভাবে ব্যবহারের জন্য নিরাপদ সড়ক তৈরির স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং বাস্তবায়নের ব্যাপারেও উদ্যোগ নেওয়া উচিত। এ ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য এবং প্রকল্পগুলোর উন্নয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন পদ্ধতিও নিয়মিতভাবে নজরে রাখতে হবে। প্রকল্প উন্নয়নের সময় অবশ্যই স্বচ্ছ এবং উন্নত পদ্ধতি মেনে করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নিরাপদ সড়কের বিষয় সংশ্লিষ্ট প্রকল্পকে সফল করা এবং এ চ্যালেঞ্জটি গ্রহণ করতে চাইলে শুরুতে এ সমস্যার গভীরে যেতে হবে। আর বিষয়টি সঠিকভাবে বুঝতে হবে।

আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত গাড়িচালকদের বড় একটি অংশ যুক্ত হয় সমাজের নিম্নবিত্ত বা দরিদ্র শ্রেণী থেকে। তাই তাঁদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা ঠিক গাড়ি চালানোর মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সঙ্গে অনেক সময়ই সামঞ্জস্যপূর্ণ হয় না। পাশাপাশি আমাদের মহাসড়ক কিংবা রাস্তাগুলোয় বেশি বাঁক থাকে। আমাদের দেশের গাড়িচালকেরাও পছন্দ করেন দ্রুতগতিতে গাড়ি চালাতে। এ ছাড়া দুই লেনবিশিষ্ট মহাসড়কে ভুল পদ্ধতিতে গাড়ি চালানো এবং অনৈতিকভাবে সামনের গাড়িকে পাশ কাটানোর বিষয়টি তো নিয়মিত ঘটনা।

রাস্তায় গাড়ি চালানোর নিয়ম, গাড়িচালকদের লাইসেন্স ইত্যাদি বিষয় উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও রয়েছে। তবে ঠিকভাবে তা পালন কিংবা পরীক্ষা করা হয় না। তবে গাড়ির গতি, সমস্যাযুক্ত যানবাহন নিয়ে রাস্তায় নামা, ট্রাফিক নীতিমালা অনুসরণ না করা, দুর্ঘটনা ঘটলে সেটি কর্তৃপক্ষকে না জানানো এ বিষয়গুলোকে নজরে রেখে এগিয়ে যাওয়া উচিত। এগুলোর মধ্যে অপরাধজনিত বিষয়গুলো যদি গাড়িচালকের বিরুদ্ধে প্রমাণিত হয়, তাহলে দ্রুত ড্রাইভিং লাইসেন্স জব্দ করা উচিত। এ ছাড়া চালকদের নিরাপদ সড়ক এবং ট্রাফিক আইনকানুনের প্রশিক্ষণ দিয়ে সেখানে যাতে সবাই বিষয়গুলো ভালোভাবে জানতে পারেন সে বিষয়ে লক্ষ রাখলে এ ক্ষেত্রে উন্নতি সম্ভব।

সড়ক তৈরির ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে দেখা উচিত। নিরাপদ সড়ক তৈরির জন্য সুবিধামতো রাস্তার নকশা করা এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করাটা জরুরি। মহাসড়কগুলোর পাশে পর্যাপ্ত জায়গা রাখা উচিত, যাতে করে দ্রুতগতির গাড়িগুলোও নিরাপদে চলতে পারে। এ ছাড়া কম গতির গাড়ি, মোটরবিহীন যানবাহনও যাতে চলতে পারে সে জন্য ক্লিয়ার জোনও রাখা উচিত। আর মহাসড়কের পাশে থাকা ছোট বাজার, মানুষজন রাস্তা পারাপার হয় এমন স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে।

বাংলাদেশে বর্তমানে উন্নত ট্রাফিক আইন ও নীতিমালা রয়েছে, যা বিশেষ নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে পরিচালিত হয়। এ ছাড়া এ নীতিমালার বিষয়টির ক্ষেত্রে বিআরটিএ বেশ ভালো কিছু উদ্যোগও নিয়েছে। এ জন্য ট্রাফিক নিয়ন্ত্রক যন্ত্রের সাহায্যে ট্রাফিক চিহ্ন প্রদর্শনসহ এ সংক্রান্ত বেশ কিছু বিষয়েরও উন্নতি হয়েছে।

তথ্য অনুযায়ী, ৬০ থেকে ৮০ শতাংশ মৃত্যু দুর্ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায়। এ সময়ের মধ্যে মাথায় আঘাত, হূৎপিন্ডে আঘাত, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার ফলে দুর্ঘটনায় পড়া ব্যক্তির মৃত্যু দ্রুত ঘনিয়ে আসে। এসব ক্ষেত্রে দ্রুতগতির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ চিকিৎসক দল দরকার, যারা এসব ক্ষেত্রে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। উন্নয়নশীল দেশগুলো এ কাজটি করা খুব সহজ নয়। এর জন্য বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) কার্যক্রমে এগোনো যেতে পারে। এ ছাড়া দুর্ঘটনার খবর দ্রুত মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় পুলিশকে জানানোর ব্যবস্থা করা যেতে পারে। এ জন্য একটি নির্দিষ্ট ইউনিক টেলিফোন নম্বর থাকতে পারে। যুক্তরাষ্ট্রে ৯১১ নম্বরে ফোন করে বিনা মূল্যে এ ধরনের সেবা পাওয়া যায়।

তবে এ ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক নিরাপদ সড়কের ব্যাপারে কাজ করতে চাইলে প্রয়োজন আইন প্রণেতা, প্রকৌশলী, পরিকল্পনাকারী, ট্রাফিক নিয়ন্ত্রণকারী, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) দল, পাবলিক হেলথ সার্ভিস, লাইসেন্স এবং এর নিয়ন্ত্রণকারী সংস্থা সবার যৌথ উদ্যোগ। সর্বশেষ বলা যায়, ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নিরাপদ সড়ক বিষয়টিকে বিশেষ গুরুত্বসহকারে দেখতে হবে এবং তবেই একটি উন্নত দেশ গড়ে তোলা সম্ভব।

ইংরেজি থেকে অনূদিত

মো. শোয়েব চৌধুরী

পরিবহন ক্ষেত্রের বিশেষজ্ঞ। ১৮ বছর ধরে এই বিষয় নিয়ে শিক্ষক, গবেষক ও পরামর্শক হিসেবে কাজ করছেন। নিউইয়র্ক সিটি কলেজে ২০১০ সাল থেকে ট্রাফিক প্রকৌশল, ট্রাফিক নিয়ন্ত্রণ, যোগাযোগ পরিকল্পনা ও নিরাপদ যোগাযোগ বিষয়ে পড়াচ্ছেন। তাঁর সহযোগিতায় সিটি কলেজ ইনস্টিটিউট অব ট্রান্সপোর্টেশন সিস্টেমস ও আবুধাবি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন এক্সেকিউটিভ প্রোগ্রাম নিরাপদ জনযোগাযোগ ব্যবস্থাপনা সম্পর্কিত বহু গবেষণাকর্ম সম্পাদন করেছে। শোয়েব চৌধুরী ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরপ্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র থেকে পরিবহন বিষয়ে এমই ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে রকওয়েল আইটিএস আমেরিকা বৃত্তি ও ১৯৯৮ সালে জর্জ ক্র্যামবেল ট্রানজিট ফাউন্ডেশন বৃত্তি পেয়েছেন শোয়েব চৌধুরী। তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারসের একজন সদস্য। গণপরিবহন ক্ষেত্রের গবেষক হিসেবে মারকুইস হু’জ হু ইন দি ওয়ার্ল্ডে শোয়েব চৌধুরীর জীবনবৃত্তান্ত স্থান পেয়েছে।