নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন
বরিশালে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের অশ্বিনীকুমার হল সম্মুখ সড়কে নিরাপদ সড়ক চাই সংগঠন বরিশাল জেলা শাখা ওই মানববন্ধনের আয়োজন করে।
প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, গণফোরাম জেলা সভাপতি হিরন কুমার দাস, নূরুল আলম ফরিদ, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী প্রমুখ। এ ছাড়া নগরের সর্বস্তরের নাগরিকেরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবি সর্বস্তরের নাগরিকের। এই দাবি বাস্তবায়নে সরকারের উদ্যোগী ভূমিকা থাকা দরকার। নিরাপদ সড়ক না থাকায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। এর কোনো প্রতিকার হচ্ছে না।
সড়কে অস্বাভাবিক মৃত্যু রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।