নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকায় স্কুলছাত্র ফাহিম মোন্তাহিন ট্রাকচাপায় নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ লোকজন অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা বেড়া পৌর এলাকার সড়কগুলোতে মাটি ও বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানান।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার আগে থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে দুর্ঘটনাস্থল ফকিরের মোড়ে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় সেখান থেকে বেড়া কলেজ পর্যন্ত সড়কের দুই পাশে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধনে দাঁড়িয়ে পড়েন। এদিকে মানববন্ধনের খবর পেয়ে আশপাশের এলাকা থেকেও শত শত লোক আসতে থাকেন। একপর্যায়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত বেড়া পৌর এলাকার প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন চলাকালে ফকিরের মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন বেড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন, আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকসুদ আলম চৌধুরী, স্কুলশিক্ষক আবদুল বারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ট্রাকচাপায় ফাহিমের নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে এর বিচার দাবি করেন তাঁরা। পাশাপাশি বেড়া পৌর এলাকার সড়কগুলোতে মাটি ও বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানান। এ সময় পৌর এলাকার সড়ক নিরাপদ রাখতে প্রশাসনের কাছে আটটি দাবি উত্থাপন করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে পৌর এলাকার মধ্যে মাটি ও বালুবাহী ট্রাক চলাচল বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যস্ত মোড়গুলোতে গতিরোধক স্থাপন, পৌর এলাকার মধ্যে বিভিন্ন যানবাহনের গতি ১০ কিলোমিটারের মধ্যে রাখা, ফিটনেসবিহীন ও অবৈধ চালকদের দিয়ে গাড়ি চালানো বন্ধ, ফকিরের মোড়কে ‘অরিত্র (ফাহিমের ডাকনাম) মোড়’ ঘোষণা প্রভৃতি।
মানববন্ধনের আয়োজকেরা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেড়া পৌরসভার মেয়র ও বেড়া থানার ওসিকে এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনের একপর্যায়ে বেড়া মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে এসে দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। ইতিমধ্যে এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।