নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার নিরাপদ সড়কের দাবিতে যমুনা সার কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদীঘা ইউনিয়নে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড অবস্থিত। যত্রতত্র কারখানার ট্রাক রাখা বন্ধ করা, কান্দারপাড়া বাজারের পূর্ব পাশে কারখানার বন্ধ ফটক খুলে দেওয়া ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল উপজেলার কান্দারপাড়া, পাখিমারা ও তারাকান্দি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ওই মানববন্ধন হয়।
এই তিন গ্রামের বাসিন্দারা কারখানার প্রধান ফটকের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে ওই কর্মসূচি পালন করেন। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীরা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম, কান্দারপাড়া বাজার সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কান্দারপাড়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বরাবর নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।