নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদক্ষ চালকদের নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়কের দাবিতে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধন করে। মানববন্ধন শেষে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকিমা বেগমের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কুমিল্লা-হোমনা সড়কে ওই মানববন্ধন করা হয়। এতে গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
আয়োজকেরা বলেন, গত রোববার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আরিফ সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যায়। গত ১৮ অক্টোবর একই প্রতিষ্ঠানের অভিভাবক ফোরামের সভাপতি রেজাউল করিম দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ১ জানুয়ারি কলেজ শাখার এক ছাত্রী ও ৪ ফেব্রুয়ারি কলেজের চার প্রভাষক সড়ক দুর্ঘটনায় আহত হন। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচির আয়োজন করা হয়।
তিতাসের ইউএনও মকিমা বেগম বলেন, যানবাহন মালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হবে। একই সঙ্গে আইনগত বিষয়টিও তাঁদের জানানো হবে।