নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা
নিরাপদ সড়কের দাবিতে এবং দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধি করতে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকাল ১০টায় শহরের শহীদ খোকন পার্ক থেকে শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শোভাযাত্রায় অন্যদের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মো. মোজাম্মেল হকসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পরিবহনের মালিক ও শ্রমিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সড়ক দুর্ঘটনাবিরোধী শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ খোকন পার্কে ফিরে গেলে সেখানে নিরাপদ সড়ক চাই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন।