নিরাপদ সাইবার স্পেসের জন্য আন্তর্জাতিক চুক্তি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ ও সামরিক তৎপরতামুক্ত নিরাপদ সাইবার স্পেসের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা জরুরি বলে মনে করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এ জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কসহ রাজনীতিবিদ ও চিন্তাবিদদের এগিয়ে আসা উচিত।
গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের নামে, বাক্প্রকাশের স্বাধীনতার নামে যারা মিথ্যাচার করে, তাদের নিবৃত্ত করতে গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন ও শান্তির জন্য সামরিক তৎপরতামুক্ত ও অপরাধমুক্ত নিরাপদ সাইবার জগৎ তৈরি করা আমাদের কর্তব্য। সেই লক্ষ্যে বাংলাদেশসহ পৃথিবীর রাজনীতিবিদদের উচিত অপরাধ ও সামরিক তৎপরতামুক্ত নিরাপদ সাইবার স্পেসের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা। এ জন্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ ও চিন্তাবিদদের এগিয়ে আসা উচিত।’
তিনি আরও বলেন, গণতন্ত্রের মতোই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মানুষের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করে। কিন্তু মত প্রকাশের অধিকারের নামে, ভিন্নমত চর্চার নামে যারা এই অধিকারের ভিন্ন ব্যাখ্যা করে, তারা সমাজের একটা উৎপাত।
পিআইবি ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) আওতায় তথ্যপ্রযুক্তিবিষয়ক সংবাদ প্রচারের জন্য এ বছর পাঁচটি বিভাগে ছয় গণমাধ্যমকর্মীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাতীয় সংবাদপত্র বিভাগে দৈনিক জনকণ্ঠ-এর এমদাদুল হক তুহিন, টেলিভিশনে এসএ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক প্লাবন রহমান, আঞ্চলিক সংবাদপত্রে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথার বার্তা সম্পাদক মো. শাহজাহান আলী, বেতারে যৌথভাবে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ও এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক শাহনাজ শারমীন এবং অনলাইন সংবাদপত্র বিভাগে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম। প্রধান অতিথি হাসানুল হক ইনু তাঁদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। চেক ও সনদ প্রদান করেন তথ্যসচিব মরতুজা আহমদ ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
সাংবাদিকতায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে গোলাম সারওয়ার তাঁর বক্তব্যে বলেন, আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে নতুন প্রযুক্তি যাঁরা করায়ত্ত করতে পারবেন না, তাঁরা পিছিয়ে পড়বেন।
তথ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোলাম রহমান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর। সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তিদের নাম ঘোষণা করেন।