নিরাপদ স্থানে সরানো যায়নি দুটি বড় জাহাজ
কর্ণফুলী চ্যানেল (নৌপথ) নিরাপদ রাখতে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর জেটি, মুরিং ও নৌবাহিনীর ঘাঁটি থেকে ছোট-বড় জাহাজগুলো বহির্নোঙরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে দুটি অচল জাহাজ সরানো যায়নি।জাহাজ দুটি বেঁধে রাখা হয়েছে কর্ণফুলী নদীর ভাটির দিকে চট্টগ্রাম ড্রাইডক জেটিতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাহাজ দুটি বন্দর চ্যানেল ও ড্রাইডক জেটিকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। বন্দর সূত্র জানায়, জাহাজ দুটি হলো রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের এমটি বাংলার রবি এবং পানামার পতাকাবাহী এমটি আও এরিজ। রিভার মুরিং-৮ ও রিভার মুরিং-১০ নামে দুটি বিশেষায়িত জেটিতে বাঁধা জাহাজ দুটি সরাতে না পেরে ড্রাইডক জেটিতে এনে বেঁধে রাখা হয়। দুটি জাহাজের ইঞ্জিন অচল হয়ে আছে। গতকাল বন্দর কর্তৃপক্ষ ড্রাইডক জেটিতে জাহাজ ভেড়ানোর সিদ্ধান্ত নিলে চিটাগাং ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষ জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথা বিবেচনা করে আপত্তি জানায়। কারণ, মহাসেনের প্রভাবে কোনো ক্ষতি হলে একমাত্র সমুদ্রগামী জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হবে। চ্যানেলও ঝুঁকির মুখে পড়তে পারে। ড্রাইডক কর্তৃপক্ষ রাজি না হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজ দুটি ড্রাইডক জেটিতে ভেড়ায়। অথচ ঝুঁকির কথা বিবেচনা করে সকালে জাহান মণি নামের একটি জাহাজ ড্রাইডক থেকে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়। জানতে চাইলে ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল বাকী প্রথম আলোকে বলেন, ‘জেটির ঝুঁকির কথা বিবেচনা করে আমরা আপত্তি জানিয়েছিলাম। কিন্তু বন্দর কর্তৃপক্ষ চিঠিতে জানায়, তারা নিজস্ব ক্ষমতায় জাহাজ ভেড়াতে পারবে। এরপর আমাদের কিছু করণীয় ছিল না।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় কর্ণফুলী চ্যানেল ও জেটিতে কোনো জাহাজ রাখা নিরাপদ নয়। কারণ, জাহাজের ধাক্কায় জেটি ভেঙে গেলে বা চ্যানেলে জাহাজ ডুবে গেলে পুরো বন্দর অচল হয়ে পড়বে। এতে সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা আছে। জানতে চাইলে বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, ‘জাহাজ দুটি অচল থাকায় সাগরে নিরাপদ স্থানে সরানো যায়নি। তবে মুরিং এলাকার চেয়ে ড্রাইডক জেটি অনেক নিরাপদ। আশা করি, কোনো সমস্যা হবে না।’