নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন থেকে ছলিমপুর পর্যন্ত পাহাড়ে অন্তত চার হাজার ২০০ পরিবারের ২১ হাজার লোক ঝুঁকি নিয়ে বসবাস করছে। টানা বর্ষণে এসব স্থানে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে প্রাণহানি ঘটতে পারে। এদিকে উপজেলা প্রশাসন থেকে দু-তিনবার মাইকিং করা হলেও একটি পরিবারও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে যায়নি। মাইকিং করা ছাড়া পাহাড়ি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আর কোনো তৎপরতা দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। কুমিরা রেলস্টেশনসংলগ্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারী কৃষক দিদারুল আলম বলেন, ‘এ জায়গাটা ছাড়া আমাদের যাওয়ার আর কোনো স্থান নেই। সরকার নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। কিন্তু কোথায় যাব? কে দেবে আমাদের জায়গা?’মছজিদ্দা এলাকার জীবন ত্রিপুরা বলেন, ‘বাপ-দাদার আমল থেকে এ পাহাড়ে বসবাস করছি। কখনো পাহাড়ধসের ঘটনা ঘটেনি। তা ছাড়া সরকার চট্টগ্রাম শহরের মতো আমাদের জন্যও তাঁবুর ব্যবস্থা করে দিলে আমরা চলে যেতাম।’ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের পাহাড়ের বিভিন্ন স্থানে চার হাজার ২০০টি পরিবার বসবাস করছে। বসবাসকারীদের মধ্যে প্রায় সব পরিবারই ভূমিহীন, অসহায় ও অসচ্ছল। সরেজমিনে বারৈয়ারঢালা, কুমিরা ও জঙ্গল ছলিমপুর ঘুরে দেখা গেছে, বাস্তুহারা লোকজন পাহাড়ের ঢাল কেটে সমতল করে টিন, ছন ও বাঁশ দিয়ে ছোট ছোট ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছে। কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটলে প্রাণহানি ঘটবে বলে স্থানীয় লোকজনের ধারণা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড় মহাসেন আসার আগে জঙ্গল ছলিমপুর পাহাড়ে তিনবার মাইকিং করা হয়েছিল। তখন অতিঝুঁকিপূর্ণ ১০টি পরিবারকে পাশের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায়।তিনি আরও বলেন, জেলা প্রশাসনের মতো পাহাড়ি এসব বাসিন্দার দীর্ঘমেয়াদি নিরাপদ আশ্রয়ে নেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। যে কয় দিন বৃষ্টি হবে ঝুঁকির পরিমাণ বুঝে তাদের সাময়িক আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। গত বছরের ২৬ জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় ছিন্নমূল বস্তিতে পাহাড় ধসে কুমিল্লা জেলার তিতাসের জরিকান্দি এলাকার মৃত মহসিন আলীর ছেলে শামছুল আলম (৪০) ও নাতি ইয়াসিন ওরফে ফরহাদ (৬) মাটিচাপা পড়ে নিহত হয়েছে।