‘ওস্তাদ’ ধরে সিএনজি চালানো শিখছেন চালকেরা। এভাবে তাঁরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকছেন। এটা চলতে থাকায় সড়ক দুর্ঘটনার পরিমাণও দিনে দিনে বাড়ছে। দ্রুতগতির রিকশা ও ইজিবাইকের কারণেও নগরে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাই সরকারের উচিত দ্রুত নিরাপদ সড়ক আচরণবিধি প্রণয়ন করা।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাস চন্দ্র তরফদার। বক্তব্য দেন ব্র্যাক কর্মকর্তা সুর্বণ দাউদ তোহা ও মশিউর রহমান।
সভায় অংশগ্রহণকারী অন্তত ১৫ জন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বক্তব্য দেন। সভায় ব্র্যাকের পক্ষ থেকে থেকে জানানো হয়, কেবল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গত বছর আটজন লোক সড়ক দুর্ঘটনায় নিহত হন। গতকালও (বুধবার) চারজন প্রাণ হারিয়েছেন। সারা দেশেই এমনটা ঘটছে। এর জন্য সরকারের উচিত দ্রুত নিরাপদ সড়ক আচরণবিধি প্রণয়ন করা।