নিরাপদ সড়ক চাই-এর অনশনে হঠাৎ মন্ত্রী!
সড়ক দুর্ঘটনা রোধসহ ১৪ দফা দাবি পূরণে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল শনিবার সকাল ১০টায় ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে অনশন শুরু করেন।অনশনে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা সড়কের অব্যবস্থাপনায় সরকারি ব্যর্থতা, ড্রাইভিং লাইসেন্স প্রদানে দুর্নীতির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন বক্তা যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেন। তবে বিকেল পৌনে চারটার দিকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন অনশনস্থলে পৌঁছালে নিসচার নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। যোগাযোগমন্ত্রী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং কয়েক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন।এরপর নিসচার সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মন্ত্রী আশ্বাস দিয়েছেন। এ ধরনের আশ্বাস ১৮ বছরে অনেক পেয়েছি। আমাদের যেন আশ্বাসেই থাকতে না হয়।’জবাবে মন্ত্রী বলেন, ‘আর ১৮ মাসও অপেক্ষায় থাকতে হবে না। কয়েক মাসের মধ্যে দাবি পূরণের জন্য চেষ্টা করব, উদ্যোগী হব।’ তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি করার বিষয়ে নিসচা যে দাবি জানিয়েছে, দেশের জনসংখ্যা ও শিক্ষার হার বিবেচনায় ওই দাবি যৌক্তিক কি না, তা ভেবে দেখার অনুরোধ জানান মন্ত্রী।যোগাযোগমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছার আগে অনশনকারীরা পানি ও বিস্কুট হাতে অপেক্ষায় থাকেন। মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য রেখে ইলিয়াস কাঞ্চনকে একটি মোড়কজাত বোতলের পানি পান করিয়ে অনশন ভাঙান। ইলিয়াস কাঞ্চনও মন্ত্রীকে পানি পান করান। এ সময় নিসচার নেতা-কর্মীরা হর্ষধ্বনি দেন।অনশনে অংশ নেওয়া নিসচার একজন নেতা জানান, যোগাযোগমন্ত্রীর গণ-অনশনে আসার বিষয়টি আগে থেকে ঠিক করা ছিল। এ কারণে অনশন ভাঙানোর জন্য কোনো বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না।শহীদ মিনার এলাকায় দায়িত্বপালনকারী একজন গোয়েন্দা কর্মকর্তা বেলা আড়াইটার দিকে জানান, যোগাযোগমন্ত্রী সাড়ে তিনটার দিকে আসবেন বলে তাঁর কাছে তথ্য আছে। তথ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আয়োজকদের কাছ থেকেই তিনি জেনেছেন।মন্ত্রীর উপস্থিতি সম্পর্কে সন্ধ্যায় জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর আগমন সম্পর্কে আমি জানতাম না। হঠাৎ তিনি এসেছেন। অনশন ভাঙানোর জন্য আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের একজন মহিলাকে প্রস্তুত রেখেছিলাম।’ ওই মহিলার নাম জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলতে পারেননি।অনশন সফল হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সরকার দাবি পূরণ করলে বলা যাবে, অনশন সফল হয়েছে। নইলে না।’ তিনি বলেন, ‘আমরা আশ্বাসের মধ্যে থাকব না। যাঁরা অনশনে অংশ নিয়েছেন, তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাঁদের নিয়ে জাতীয় সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ওই সম্মেলনে মন্ত্রীকেও ডাকা হবে।’ছয় ঘণ্টার অনশনে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রনায়ক সোহেল রানা, ওমর সানি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, চিকিৎসক অরূপ রতন চৌধুরী, চলচ্চিত্রকার শহীদুল হক খান, আবদুল হান্নান, অভিনেতা শাহীন খান, মানবাধিকারকর্মী এ এইচ এম নোমান, আইনজীবী ও মানবাধিকারকর্মী মো. শাহজাহান, গাড়িচালক খান মোহাম্মদ বাবুল, সড়ক দুর্ঘটনায় নিহত জাতীয় টেনিস খেলোয়াড় মাজহারুল ইসলামের মা পাপিয়া সেলিমসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।