নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার কর্মসূচি
আসছে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে পুরো অক্টোবর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। কর্মসূচিতে গোলটেবিল বৈঠক, সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ও রোডক্রাশের উপর উন্মুক্ত আলোচনা, প্রশিক্ষণ কর্মসূচি, মানববন্ধন, শোভাযাত্রা, স্মরনিকা প্রকাশ ও লিফলেট বিতরণসহ নানা আয়োজন থাকছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ওই কর্মসূচি ঘোষণা করেন।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৭ এবং প্রয়াত জাহানারা কাঞ্চনের ২৪ তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঘোষণা উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, এ বছরই প্রথম সরকারিভাবে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হবে। এ লক্ষ্যে ২ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্র নালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করা হবে। সরকারের পাশাপাশি আমরা দেশব্যাপী ১১০টি শাখা সংগঠনের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিদেশে আমাদের শাখা সংগঠনগুলো একই কর্মসূচি পালন করবে।