নিরাপদ সড়ক দিবস নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনে সরকারের নীতিগত সিদ্ধান্ত কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করতে প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না—রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, যোগাযোগসচিব ও বিআরটিসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।রিট আবেদনে বলা হয়, ২০০২ সালে জাতীয় নিরাপদ সড়ক কাউন্সিল ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ২০১১ সালে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়। এতে প্রধানমন্ত্রীও সম্মতি দেন।সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় জাতীয় নিরাপদ সড়ক দিবস নির্ধারণ করার জন্য জনমত জরিপের ব্যবস্থা করে। ঘোষিত ফল অনুযায়ী, দুর্ঘটনায় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু দিবস ২২ অক্টোবর (১৯৯৩) এতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট (১১৬৭) পায়। ইলিয়াস কাঞ্চন বলছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের ‘একটি চক্র’ ২২ অক্টোবরের বিরুদ্ধে সক্রিয়। তবে মন্ত্রণালয় অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দিবস ঘোষণার বিষয়ে সব নিয়মনীতি মেনে চলা হয়েছে।