নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি ঘোষণা
শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কাল শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামের সংগঠন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের সড়ক থেকে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, এসব কর্মসূচি ছাড়াও দিবসটি উপলক্ষে সারা দেশে নিসচার ১০০টির বেশি শাখায় স্থানীয়ভাবে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবে দিবসটির কর্মসূচি পালিত হবে।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হন। এরপর থেকে প্রতিবছর ওই দিনটি জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’।