নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে জনসভা হয়েছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের দেবৈ বালুর মাঠে গতকাল রোববার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়। ‘চলার পথে আমরা সচেতন হব। নিরাপদে ঘরে ফিরব’ স্লোগান সামনে রেখে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভার আগে রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা চালানো হয়। গাড়ি চালানোর সময় সচেতন থাকা ও মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য এ সময় কয়েকজন চালককে অনুরোধ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) বিশ্বাস শেখ নাজমুল আলম, নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার হোসেন, ব্রাহ্মণদী ইউপির চেয়ারম্যান লাক মিয়া, ধূপতারা ইউপির চেয়ারম্যান শাহিদা মোশাররফ, স্থানীয় আওয়ামী লীগের নেতা মিয়া আলতাফ মিয়া, মাহমুদুর রহমান প্রমুখ।রাস্তার দুই পাশে খেয়াল করে সতর্কভাবে রাস্তা পারাপারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, নসিমন ও করিমন হলো মরণের যানবাহন। এসব যানবাহন প্রায়ই দুর্ঘটনায় পড়ে। রাস্তাঘাটে এসব যানবাহন যাতে না আসতে পারে সে জন্য উদ্যোগ নিতে হবে। মহাসড়কে না উঠে মফস্বলে গাড়ি চালানোর জন্য তিনি নসিমন ও করিমন চালকদের প্রতি আহ্বান জানান। পুরোনো ট্রাফিক আইন বাতিল করে শাস্তির বিধান করে যুগোপযোগী নতুন আইন প্রণয়নসহ ১৭ দফা বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া তিনি স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে নিরাপদ সড়কের বিষয়ে পাঠের অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। ২১ অক্টোবরের মধ্যে ওই ১৭ দফা বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ২২ অক্টোবর থেকে প্রতীকী অনশন শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।