নিরাপদ সড়কের দাবিতে কমলনগরে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে গত বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তোরাবগঞ্জ, চরলরেঞ্চ ও হাজিরহাট এলাকায় বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রছাত্রী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজিরহাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক আলতাফ হোসেন, তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়য়ার হোসেন, চরলরেন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, চরকালকিনি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, হাজিরহাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ, যুবদল নেতা মীর শিব্বির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে শতাধিক যাত্রীবাহী লেগুনা প্রতিদিন বেপরোয়া গতিতে চলাচল করছে। অধিকাংশ লেগুনাচালকের লাইসেন্স নেই। প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। তাঁরা বলেন, গত তিন মাসে এ মহাসড়কের করুণানগর, হাজিরহাট, চরলরেঞ্চ, কড়ইতলা, তোরাবগঞ্জ ও মিয়ার বেড়ি এলাকায় লেগুনা দুর্ঘটনায় দুই ছাত্র ও একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।