নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক চাই আন্দোলন মাগুরা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ এলাকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা-কর্মী ও এলাকার মানুষের সঙ্গে স্থানীয় রাউতাড়া হূদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিলটি রাউতাড়া হূদয়নাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়। বিক্ষোভকারীরা প্রায় এক কিলোমিটার দূরে সাঁইত্রিশ এলাকায় এসে মহাসড়কে আধা ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাগুরা শাখার সভাপতি শেখ আশরাফ হোসেন ও রাউতাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁরা সরকারের কাছে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান। মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ এলাকায় গত রোববার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১১ নিহত ও একজন আহত হয়। ওই দুর্ঘটনায় রাউতাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক প্রবীর ঘোষও নিহত হন।