নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কে মানববন্ধন হয়েছে।
‘একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না’ স্লোগান নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আধা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অধীনে আমতলী ইউনিয়ন সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা নিরাপদ সড়কের দাবি পূরণে বিভিন্ন স্লোগান-সংবলিত পোস্টার প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, আমতলী ইউপির চেয়ারম্যান হান্নান শেখ, জেলার ব্র্যাক প্রতিনিধি নাজমুল হক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, অতিদরিদ্র কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব হোসেন প্রমুখ। কর্মসূচিতে ইউনিয়নের সব ইউপি সচিব ও সদস্য এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠকেরা উপস্থিত ছিলেন।