নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। ছবিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে গতকাল কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। ছবিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো

নিরাপদ সড়কের দাবিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। চতুর্থ আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর ভৈরব শাখা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবহন সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এবারের কর্মসূচির প্রতিপাদ্য ছিল জাতিসংঘের ঘোষিত ‘গতি কমাও, জীবন বাঁচাও’।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার ‘দুর্জয় ভৈরব’ চত্বরে ওই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, দিন দিন সব মহাসড়কে ব্যস্ততা বাড়ছে। বাড়ছে গাড়ির গতি। কিন্তু চালকেরা সড়ক আইন সম্পর্কে সচেতন নন। এমনকি অনেকের সামান্য প্রশিক্ষণও নেই। ফলে দুর্ঘটনা কমিয়ে আনা যাচ্ছে না। সড়ক নিরাপত্তার জন্য সবার আগে প্রয়োজন দক্ষ চালক এবং যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
সংগঠনটির সভাপতি এস এম বাকী বিল্লাহ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন ও বাস মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন।