নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘড়িয়া সংযোগ সড়কে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।স্থানীয় এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, সারা দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। মারা যাচ্ছে অনেকে। অথচ এর কোনো প্রতিকার নেই। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে।কেরানীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালকদের কারণে দুর্ঘটনা ঘটছে। কর্মজীবী নারীনেত্রী সাবিহা সুলতানা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশকে দায়িত্বশীল হতে হবে। সরকারকে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তা মনির হোসেন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সারা দেশের সেবামূলক প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।মানববন্ধনে আরও অংশ নেন সাংবাদিক আবদুল গণি, আবু রায়হান খান, সুমী আক্তার প্রমুখ।