নিরাপদ সড়কের দাবিতে ম্রোদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো আদিবাসীরা গতকাল বুধবার নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবিতে এক মানববন্ধন করেছে। বান্দরবান-চিম্বুক-থানচি সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় গত এক সপ্তাহে তিনজন হতাহত হওয়ায় এ কর্মসূচি পালন করা হয়।গতকাল বেলা ১১টায় চিম্বুক পাহাড় থেকে শতাধিক ম্রো স্থানীয় প্রেসক্লাব চত্বরে ওই মানববন্ধনে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা মানববন্ধন চলাকালে বক্তব্য দেন টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিংতুই ম্রো, সিংচ্যং কার্বারি (পাড়াপ্রধান), য়ংছম ম্রো, রেংনং ম্রো, ইংরুং ম্রো, সিংরাও ম্রো, ম্রো ছাত্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চ্যংপাত ম্রো, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি মংস্তু মারমা প্রমুখ।টংকাবতী ইউপির সদস্য চিংক্লাং ম্রো বলেছেন, গত ২৫ ও ৩০ ডিসেম্বর সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি দুজন ম্রোকে চাপা দিয়ে চলে যায়। এতে একজন নিহত ও অপরজন মারাত্মক আহত হন। ১ জানুয়ারি একইভাবে গাড়িচাপায় নিহত হন আরও একজন। তিনি অভিযোগ করেন, চালকেরা সংকীর্ণ পাহাড়ি সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে তাঁরা হতাহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ, নিরাপদ জীবন ও সড়কের দাবিতে মানববন্ধন করেছেন।