হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নিরাপদ সড়ক, ঘাতক চালকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, পুলিশ ক্যাম্প স্থাপনসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
ওই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে গতকাল সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে বেলা তিনটা পর্যন্ত সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দিনাজপুরের সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর ও নীলফামারীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কের দুই পাশে হাতে হাত রেখে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন করে মানববন্ধন করেন।
পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর শিক্ষার্থীরা দুটি স্মারকলিপি দেন।
এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ) এস এম হারুন উর রশীদসহ কয়েকজন শিক্ষক ও ছাত্রনেতারা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তিনটার দিকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, আলোচনায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমস্যা সমাধানে আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের বটতলি এলাকায় ট্রাক্টরের চাপায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-৪ ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রহিমা খাতুন (২৪) নিহত হন। একই দিন রাতে আরেক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাসের চালকের সহকারী টিটু নিহত হন।