নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে মানববন্ধন

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের অংশ হিসেবে নিরাপদ সড়কের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন পালিত হয়েছে। ‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই; সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নীলফামারী: বেলা ১১টার দিকে ‘নিরাপদ সড়ক চাই’ জেলা কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা আহসান রহিম, যুগ্ম আহ্বায়ক পরিতোষ রায়, সদস্যসচিব রাসেল আমীন প্রমুখ।
গাইবান্ধা: জেলাশহরের ডিবি রোডে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। এর আগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির ও সহকারী সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ, জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার সৈয়দ আজহারুল হক, আইনজীবী আনিস মোস্তফা, সাংবাদিক সরকার শহিদুজ্জামান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক শাহানা বেগম প্রমুখ।
কুড়িগ্রাম: বেলা ১১টায় শোভাযাত্রা ও সমাবেশ হয়। কলেজ মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মকবুল হোসাইন প্রমুখ।
দিনাজপুর: দুপুর ১২টায় দিনাজপুরে শোভাযাত্রা ও মানববন্ধন হয়। দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে রাস্তায় মানববন্ধন করে। এ সময় দিনাজপুর চেম্বারের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, নাট্যকর্মী তারেকুজ্জামানসহ নেতারা বক্তব্য দেন।