নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে মানববন্ধন
সহিংসতা বন্ধ ও নিরাপদে ক্লাস করতে দেওয়ার দাবিতে গতকাল শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: বাগেরহাট সরকারি পিসি কলেজ ও খানজাহান আলী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একই সময়ে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। সহিংস রাজনীতি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তাঁরা।
ফরিদপুর: শহরের ঝিলটুলী এলাকায় কলেজের সামনের অম্বিকা সড়কে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। একই সময়ে শহরের স্টেশন রোডে অবস্থিত সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ চত্বরে মানববন্ধন করেন। এ ছাড়া মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সাতক্ষীরা: সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সকালে কলেজ অধ্যক্ষ মুরাদুল হকের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। এ সময় কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।