ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে জনসাধারণকে তাদের চলাচল নিরাপদ ও জানমালের সুরক্ষার জন্য সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে। বিশেষ করে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা অগ্নিদগ্ধ ও আহত হচ্ছেন।
যানবাহনের চালক, কর্মী ও জনসাধারণের প্রতি বিজ্ঞপ্তিতে নিচের সতর্কতা অবলম্বনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়:
যানবাহন চালানোর সময় অবশ্যই গাড়ির জানালার কাচ বন্ধ রাখুন। নিজের শরীরের পোশাকে আগুন লাগলে তৎক্ষণাৎ দুই হাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। দৌড়াবেন না, দৌড়ালে আগুন বেড়ে যাবে।
আগুনে আক্রান্ত ব্যক্তিকে ভেজা অথবা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন, আগুন নিভে যাবে। পোড়া জায়গায় পর্যাপ্ত পানি ঢালুন। এ উদ্দেশ্যে গাড়িতে সব সময় এক পাত্র পানি সংরক্ষণ করুন। রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন।
প্রতিটি গাড়িতে প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ করুন। গাড়িতে দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিন। বাসের ভেতর দৃশ্যমান স্থানে অগ্নিনির্বাপণ যন্ত্রের সচিত্র ব্যবহারবিধি টাঙিয়ে রাখুন।
রাস্তার পাশে কিংবা অরক্ষিত স্থানে গাড়ি পার্ক করে ঘুমাবেন না। গণপরিবহন চালানোর সময় ঝুঁকিপূর্ণ স্থানে থামাবেন না। গাড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর (০২-৯৫৫৫৫৫৫ অথবা ০১৭৩০৩৩৬৬৯৯) দৃশ্যমান স্থানে বড় হরফে লিখে রাখুন। জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করুন এবং সাহায্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিন।