নিরাপদে বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকালয়ে আসা একটি বাঘ আটক করে সুন্দরবনে ছেড়ে দিয়েছেন বন বিভাগ ও স্থানীয় টাইগার রেসপন্স টিমের সদস্যরা। ইনজেকশন দিয়ে অচেতন করে বাঘটি আটক করা হয়। এর আগে বাঘটির থাবায় তিনজন আহত হন। গত শনিবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধুপাড়ায় এ ঘটনা ঘটে। হরিনগর এলাকার টাইগার রেসপন্স টিমের সদস্য (স্থানীয় লোকজন নিয়ে করা বন বিভাগের কমিটি) সাহিনুর গাজী জানান, সুন্দরবন থেকে একটি বাঘ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাধুপাড়ার বাসুদেব মণ্ডলের বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী মসজিদের মাইকে বিষয়টি প্রচার করেন। জানানো হয়, টাইগার রেসপন্স টিম ও বন বিভাগের সদস্যদের। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন, চুনকুড়ি ও টেংরাখালী টহল ফাঁড়ির সদস্যরা গিয়ে রাত ১১টার দিকে বাঘটিকে সাধুপাড়া এলাকার শিবপদ মণ্ডলের বাড়ির বাগানে দেখতে পান। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে ট্রাংকুলাইজার গানের মাধ্যমে বাঘটির শরীরে চেতনানাশক ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি অচেতন হয়ে পড়ে। তিনি আরও জানান, পরে অচেতন বাঘটিকে ট্রলারে করে রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবনের গহীনে দোবেকি নামক স্থানে ছেড়ে দেওয়া হয়। ১২ থেকে ১৩ বছরের পুরুষ এই বাঘটির উচ্চতা তিন ফুট ও দৈর্ঘ্য প্রায় নয় ফুট। তিনি দাবি করেন, লোকালয়ে চলে আসা কোনো বাঘকে ট্রাংকুলাইজার গানের মাধ্যমে ইনজেকশন দিয়ে অচেতন করে সুন্দরবনে ছেড়ে দেওয়ার ঘটনা এটাই প্রথম।