নিরাপদে ভোট দেওয়ার সুযোগ চান ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মির্জা আজম ,মোস্তাফিজুর রহমান
মির্জা আজম ,মোস্তাফিজুর রহমান

এ আসনে ভোটার ৪ লাখ ২৫ হাজার ১৫১ জন। নতুন ভোটার ৪৮ হাজার ৯৬০ জন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ভোটের মাঠে আওয়ামী লীগের একক প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সরব থাকলেও উল্টো চিত্র বিএনপির। বিএনপির সম্ভাব্য প্রার্থীর খবরই জানেন না সাধারণ ভোটাররা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান। তাই তাঁরা নিরাপদে ভোট দেওয়ার সুযোগ চান। তাঁদের প্রত্যাশা, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ।

মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে জামালপুর-৩ আসন। এ আসনে ভোটার ৪ লাখ ২৫ হাজার ১৫১ জন। নতুন ভোটার ৪৮ হাজার ৯৬০ জন। এখানে ১৯৯১ সাল থেকে টানা সাংসদ নির্বাচিত হচ্ছেন মির্জা আজম। এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এখানে উন্নয়ন ও দলীয় ব্যাপক তৎপরতার কারণে শক্তিশালী অবস্থানে রয়েছেন প্রতিমন্ত্রী মির্জা আজম।

এ আসনে মির্জা আজমের বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে বাবুল। মোস্তাফিজুর রহমান ২০০১ সালে চারদলীয় জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ১ লাখ ৭ হাজার ভোট পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তবে পরবর্তীকালে ২০০৮ সালে তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিয়ে মির্জা আজমের কাছে পরাজিত হন।

গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে এলাকার অন্তত ৫০ জন ভোটারের সঙ্গে কথা হয়। এ সময় মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জা আজম সাংসদ নির্বাচিত হন। একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তাঁর নেতৃত্বের গুণাবলি হ্রাস পায়। ভোটাররা নিজে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করলে প্রার্থীর জবাবদিহি থাকে। এবার সব দল নির্বাচনে অংশ নেওয়ায় আমরাও একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রত্যেক ভোটার নিরাপদে কেন্দ্রে গিয়ে যেন তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আমরা এই সুযোগ চাই। তবে ব্যাপক উন্নয়ন ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ায় এ আসনে মির্জা আজমের জনপ্রিয়তা ব্যাপক।’

মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের নতুন ভোটার শাহনা আক্তার বলেন, ‘শান্তিপূর্ণ ও নিরাপদে বাড়ি থেকে কেন্দ্রে গিয়ে জীবনের প্রথম ভোটটি পছন্দের প্রার্থীকে দিতে চাই। ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছানোর দায়িত্বটাও নির্বাচন কমিশনেরই। সব শঙ্কা দূর করে কমিশন একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে, আমরা তরুণ ভোটাররা এমনটিই প্রত্যাশা করি।’

মেলান্দহের শিমুলতলা বাজারের চা দোকানি মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতবার তো ভোটই লাগে নাই। পৌরসভার ভোটও দিতে পারিনি। ভোট দিবার যাইয়া দেখি, কে জানি ভোট দিয়ে ফেলছে। এবার আমরা ভোট দিতে চাই। প্রয়োজনে ভোটকেন্দ্র পাহারা দিয়ে হলেও ভোট দেব। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট চাই। নিজের ভোট নিজে দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করতে চাই।’

মেলান্দহের গোবিন্দপুর গ্রামের কৃষক মো. সোহরাব হোসেন বলেন, ‘আমরা রাজনীতি বুঝি না। তবে ভোট দেওয়ার অধিকার তো আমাদের রয়েছে। ভালো প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও গত ইউনিয়ন ও পৌরসভার নির্বাচনে ভোটই দিতে পারিনি। ওরাই ভোট মাইরে নেয়। এবারও কেন্দ্রে যামু, ভোট দিতে দিলে দিমু, না দিলে কামলা দিতে যামু।’

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘শুধু আমি নয়, সব শ্রেণির মানুষই একটি ভোট উৎসব চায়। আমরা সবাই ফেয়ার ও সুন্দর ভোট চাই। কেন্দ্রে গিয়ে যার যার ভোট, সেই সেই দিতে পারেন—এ ব্যবস্থা করার দায়িত্ব ইসির। আশা করি, অতীতের সব সময়ের চেয়ে এবার ভোটটা ভালো হবে। এখানে বর্তমান সাংসদের অবস্থান অনেক ভালো। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে ভোটারের মূল্যায়নও বাড়ে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে আসেন। তবে প্রার্থী যে–ই হোক, আমরা সবাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই।’