নিরাময়কেন্দ্র থেকে পালাতে গিয়ে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তি নিরাময়কেন্দ্র থেকে পালাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ভবনের পাঁচতলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকির হোসেন (৩৫)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। পরিবার নিয়ে কাঁচপুরের পুরানবাজার এলাকায় থাকতেন তিনি।

 ফেনসিডিলে আসক্ত হওয়ায় জাকিরের স্ত্রী গত বুধবার তাঁকে ধোলাইপাড় এলাকার ‘সুন্দর জীবন’ নামের একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ভর্তি করান। একদিনের মাথায় পালাতে গিয়ে তাঁর মৃত্যু হয়।

শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, পাঁচতলা ভবনটির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা নিয়ে ওই নিরাময়কেন্দ্র। পাঁচতলার একটি কক্ষে জাকিরসহ আরও পাঁচ মাদকাসক্ত ব্যক্তিকে রাখে কর্তৃপক্ষ। কক্ষটিতে গ্রিল দিয়ে আটকানো একটি এসি রয়েছে। পাঁচ রোগী মিলে প্রথমে গ্রিলটি ভেঙে এসি সরিয়ে ফেলেন। এরপর ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে ভবনের সুয়ারেজের পাইপ বেয়ে প্রথমে স্বপন নামের একজন নিচে নেমে পালিয়ে যান। এরপর জাকির একইভাবে পাইপ বেয়ে নিচে নামতে উদ্যত হন। তবে তিনতলা পর্যন্ত নামার পর হাত ও পা ফসকে তিনি নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।