নিরাময়কেন্দ্রে নির্যাতন, কলেজশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের কথিত এক মাদকাসক্ত পুনর্বাসন ও নিরাময় কেন্দ্রে মারা গেছেন জিল্লুর রহমান (৩৪) নামে এক কলেজশিক্ষক। পরিবারের অভিযোগ, পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার বদলে বিভিন্নভাবে বর্বর নির্যাতন ও কর্মকর্তাদের খামখেয়ালিপনার কারণে ওই শিক্ষকের মৃত্যু ঘটেছে। এ ঘটনার পর কেন্দ্রের লোকজন পালিয়ে গেছেন।কালাই উপজেলার হাতিয়ার গ্রামের জিল্লুর রহমান ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও কালাই উপজেলা যুবলীগের সদস্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লতিফ হলের ইতিহাস বিভাগের ছাত্র থাকা অবস্থায় জিল্লুর গাঁজায় আসক্ত হয়ে পড়েন। কর্মজীবনে এসেও তিনি নেশা ছাড়তে পারেননি। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক জিল্লুর রহমানকে নেশা থেকে ফেরাতে গত ১৬ মে জয়পুরহাট শহরের ‘উদার মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে’ ভর্তি করানো হয়। গত বুধবার রাতে তিনি গুরুতর অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের সেবিকা পাপিয়া সুলতানা জানান, প্রথম দফায় যখন জিল্লুরকে হাসপাতালে আনা হয়েছিল, তখন অজ্ঞান ও গুরুতর অসুস্থ থাকলেও হাতকড়া পরানো ছিল। অক্সিজেন, স্যালাইন ও ইনজেকশন দেওয়ার পর তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু অনেকটা জোর করেই সঙ্গে আসা যুবকেরা ঘণ্টাখানেকের মাথায় তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যান। রাত দুইটার দিকে দ্বিতীয় দফায় আবারও কয়েকজন যুবক চ্যাংদোলা করে তাঁর মরদেহ এনে হাসপাতালে ফেলে রাখেন। কেন্দ্রের নির্বাহী পরিচালক এস এম দেলোয়ার হোসেন দাবি করেন, নির্যাতন নয়, জিল্লুর রহমান হার্ট অ্যাটাকেই মারা গেছেন।