নিরাময়কেন্দ্রে মাদকাসক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরে মাদকাসক্ত এক যুবককে চিকিৎসার নামে কেন্দ্রের মালিক ও সহযোগীরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শহরের উত্তর ছায়াবীথি এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চিকিৎসাকেন্দ্রের মালিকসহ ছয়জনকে আটক করেছে। নিহত ওই যুবকের নাম মো. জহির লস্কর (৩২)। তিনি গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার ব্যবসায়ী ফালান লস্করের ছেলে।
এলাকাবাসী জানান, মুন্সীপাড়া এলাকার লেপ-তোশকের ব্যবসায়ী ফালান লস্করের ছেলে জহির হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়েন। এ কারণে জহিরের বিবাহিত সংসারও ভেঙে যায়। পরে মা-বাবা ছেলেকে চিকিৎসার জন্য ২০ নভেম্বর উত্তর ছায়াবীথি এলাকার ‘আদর্শ জীবন’ নামের একটি মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করান। সেখানে ভর্তির পর গত শুক্রবার মা রাবেয়া বেগম ছেলেকে দেখতে আসেন। কিন্তু ওই চিকিৎসাকেন্দ্রের মালিক কাজী ওয়াহিদুজ্জামান ওরফে মিলন ও জহিরুল ইসলাম মাকে ছেলের সঙ্গে দেখা করতে দেননি। রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদুজ্জামান রাবেয়ার মুঠোফোনে জানান, ‘আপনার ছেলে পাগলামি করছে। কী করব বলেন?’
রাবেয়া বলেন, ‘তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। পারলে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়াও।’
তখন ওয়াহিদুজ্জামান বলেন, বেশি পাগলামি করলে কিছু মারধরও করতে হতে পারে। এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গতকাল সোমবার সকালে ছেলেকে দেখতে মা-বাবা দুজনই ওই প্রতিষ্ঠানে যান। তবে এ সময় ছেলের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় তাঁদের বসিয়ে রেখে দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে আত্মহত্যা করেছে বলে জানানো হয়।
পুলিশ জানায়, চিকিৎসাকেন্দ্রের একটি টয়লেটের সিটকিনির মধ্যে জহিরের লাশ গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝোলানো ছিল। তাঁর পা মেঝেতে লাগানো ছিল। তাঁকে হত্যা করে ওই স্থানে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুবকের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ওয়াহিদুজ্জামান, সুমন, বাপ্পি, বুলবুল, দাউদ, মো. পাপ্পু ও উজ্জ্বলকে আটক করা হয়েছে।
ওয়াহিদুজ্জামান জানান, রোগীরা বেশি পাগলামি করলে মাঝেমধ্যে মারপিট করা হয়। বাবা ফালান লস্কর বলেন, তাঁদের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। থানার এএসআই বিশ্বজিৎ সাহা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেপটিক ট্যাংকে তরুণীর লাশ: গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকৈর এলাকায় মতিয়ার মিয়ার বাড়ির পাশে এক প্রবাসীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে লোকজন সেখানে গিয়ে এক নারীর লাশ দেখতে পায়। তারা পুলিশে খবর দিলে তাঁর লাশ উদ্ধার করা হয়।