নিরাময়কেন্দ্রে সরেজমিন
মিরপুর ১১ নম্বরের ঢাকা মনোরোগ চিকিৎসাকেন্দ্রে গিয়ে গত শনিবার দেখা গেছে, ছয়তলা ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। কেন্দ্রটির কনসালট্যান্ট তারিকুল ইসলাম জানান, ভবনে লিফট না থাকায় এবং সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধন না থাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাঁদের অনুমোদন নেওয়ার আবেদন ফরম জমা নেয়নি। এখন তাঁরা সমাজকল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়েছেন। লিফট ছাড়া অনুমোদন না পেলে তাঁরা মাদকাসক্তদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে শুধু মানসিক রোগীদের চিকিৎসা করবেন।মিরপুর ১ নম্বরের কলওয়ালাপাড়ায় গোল্ডেন লাইফ মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রের কার্যক্রম চলছে চারতলায়। ভবনে লিফট নেই। সিঁড়িঘর অপ্রশস্ত। আশপাশে বেশির ভাগ বাণিজ্যিক স্থাপনা। ছোট ছোট কক্ষে গাদাগাদি করে থাকছে মাদকাসক্তরা। গোল্ডেন লাইফের পরিচালক সৈয়দ টিপু সুলতান জানান, একটি নিরাময়কেন্দ্রে চিকিৎসা নিয়ে নিজে সুস্থ হয়েছেন। মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তাই নিজেই কেন্দ্র করেছেন। কথা বলার একপর্যায়ে তিনি কেন্দ্রের ভেতরে বসেই ধূমপান শুরু করেন।অনুমোদনপ্রাপ্ত সেবা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে (৩৬৪ এলিফেন্ট রোড) গিয়ে দেখা গেল, দ্বিতীয় তলায় ১০ শয্যার এই কেন্দ্র। রোগী আছে সাতজন। একটি কক্ষে চারজন রোগী ক্যারম খেলছিল।কেন্দ্রটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মুনির জানান, দিনের পর দিন ধরনা দিয়ে তিনি অনুমোদন নিয়েছেন। এরই মধ্যে একবার অনুমোদন নবায়নও করেছেন। অথচ অনুমোদন ছাড়াই অসংখ্য মাদকাসক্তি নিরাময়কেন্দ্র কার্যক্রম চালাচ্ছে। এদের অপচিকিৎসায় মাদকাসক্তরা মাদকের দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ছে। তিনি বলেন, আবার অনুমোদন নেওয়া নিরাময়কেন্দ্রগুলো ঠিকমতো চিকিৎসাসেবা দিচ্ছে কি না তাও তদারক করা দরকার।