নিরাময়কেন্দ্রের এসব সমস্যা নিরাময় হবে কবে?

মাদকাসক্তি নিরাময়ের সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্র। এক দশক আগে ৪০ শয্যার চিকিৎসাসেবা ১০০ শয্যায় উন্নীত করতে ঢাকার নিরাময়কেন্দ্রে অবকাঠামো নির্মাণ করা হয়। বর্তমানে এখানে ৫০ শয্যার চিকিৎসাসেবা চালু আছে। এখনো চালুই হয়নি মাদকাসক্ত পুনর্বাসন সেবা। প্রশিক্ষিত পর্যাপ্ত লোকবল-সংকটে নিজেই ভুগছে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময়কেন্দ্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ঢাকার নিরাময়কেন্দ্রের অবকাঠামো ৪০ শয্যা থেকে ১০০তে উন্নীত করা হয়। বর্তমানে নিরাময়কেন্দ্রে চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যা চালু আছে। এর মধ্যে ১০ শয্যা শিশুদের জন্য। বাকি ৪০ শয্যার ২৫টি বিনা মূল্যে ও ১৫টিতে রোগীরা নিজের খরচে সেবা নিতে পারেন। একই সঙ্গে ১৫০ শয্যার পুনর্বাসন কেন্দ্রও নির্মাণ করা হয়েছিল। লোকবল ও আনুষঙ্গিক সুবিধা না থাকায় এগুলো এখনো চালু করা সম্ভব হয়নি।
সরেজমিনে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাপ্তরিক কাজের জন্য কিছু অংশ ছাড়া নিরাময়কেন্দ্রের পুরো অবকাঠামো ব্যবহার করা হচ্ছে। একটি ভবনের নিচের অংশে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসকদের কক্ষ, বহির্বিভাগে সেবা দেওয়ার জন্য একটি টিকিট কাউন্টার ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহের জন্য একটি ছোট ঔষধাগার রয়েছে। একই ভবনের ওপরের অংশে মাদকাসক্ত রোগীদের ৫০ শয্যার চিকিৎসা কার্যক্রম চলছে। অপর একটি ভবনের পুরোটি ব্যবহার করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাপ্তরিক কাজে। অবকাঠামোটি ২৫০ শয্যার নিরাময়কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মফিদুল ইসলাম বলেন, জনবল নিয়োগবিধি এখনো প্রক্রিয়াধীন। ১০০ শয্যার হাসপাতাল শিগগিরই চালু করা হবে। সেগুনবাগিচায় নিজস্ব ভবন তৈরি হয়ে গেলে এ ভবন থেকে তাঁরা চলে যাবেন।
২০১৫ সালে ২৫০ শয্যার জন্য প্রয়োজনীয় জনবল কত হবে, তা নির্ণয় করে জনবল নিয়োগের খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্য জনবল কীভাবে নিয়োগ দেওয়া হবে, সেই নিয়োগবিধির অনুমোদন হয়নি এখনো।
একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১২ সালের দিকে জনবল নিয়োগবিধির খসড়া করে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় এটি নিয়ে দু-একবার কাজও করেছে। অথচ আজও জনবল নিয়োগবিধি চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। এতে নিরাময়কেন্দ্রে নিজস্ব জনবল দিয়ে চিকিৎসা ও পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
নিরাময়কেন্দ্রের একটি সূত্র থেকে জানা গেছে, বর্তমানে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ৫০ শয্যার জন্য যথেষ্ট জনবল নেই। নিরাময়কেন্দ্রটিতে আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ আছেন দুজন। জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক আছেন একজন। ছয়জন চিকিৎসক ও নয়জন নার্স দিয়ে চলছে চিকিৎসার কাজ। চিকিৎসক, নার্সসহ এসব জনবলের সবই প্রেষণে আসা। অর্থাৎ তাঁদের কেউই এখানের নির্ধারিত জনবল নন। তাঁদের নিজস্ব কর্মস্থল থেকে অন্য কোথাও বদলি করলে তাঁরা সেখানে স্থায়ী হিসেবে কাজ করবেন।
নিরাময়কেন্দ্রটি প্রধান পরামর্শক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. ইমামুল হোসেন বলেন, নিরাময়কেন্দ্রে নিজস্ব জনবল বলে কিছু নেই। জনবলের সবই প্রেষণে আসা। এখানে যখন কোনো চিকিৎসক আসেন, তখন তাঁকে মাদক নিরাময় বিষয়ে বিশেষভাবে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। দেখা গেল, সদ্য প্রশিক্ষণ পেয়ে পুরোদমে কাজ করতে থাকা ওই চিকিৎসক বদলি হয়ে গেলেন। তখন তাঁর পেছনে ব্যয় করা শ্রম এক অর্থে বৃথা। কারণ হলো তিনি অর্জিত মেধা নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করবেন। আর নতুন যে চিকিৎসক আসবেন, তাঁকে প্রস্তুত করে তুলতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ যোগ দিয়েছেন গত জুন মাসের ২৯ তারিখ। এসব বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, প্রেষণে আসা কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ করার পদ্ধতি নিয়ে কাজ চলছে। এর জন্য যে বিধি আছে, এতে সংশোধন, সংযোজন করা হচ্ছে। এরপর জনবল নিয়োগবিধি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ছাড়া শিগগিরই ১০০ শয্যার চিকিৎসাসেবা চালু করা হবে।