নিরাময়-অযোগ্য রোগী ছয় লাখ উপশমসেবা পায় দুই হাজার
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, উপশমসেবা প্রয়োজন—দেশে এমন নিরাময়-অযোগ্য রোগীর সংখ্যা প্রায় ছয় লাখ। সরকারি ও বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে মাত্র দুই হাজার রোগীর সেবা দেওয়া সম্ভব হচ্ছে। এ পরিস্থিতি কাটাতে দক্ষ জনবলের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত ‘প্যালিয়েটিভ কেয়ার: জাতীয় স্বাস্থ্যনীতিতে কেন প্রয়োজন’ শীর্ষক কর্মশালায় চিকিৎসকেরা এ কথা বলেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের প্রকল্প সমন্বয়ক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, একপর্যায়ে কিছু রোগ নিরাময় হয় না। নিরাময়-অযোগ্য রোগীরা মৃত্যুর অপেক্ষায় থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, দেশে এ রকম রোগী প্রায় ছয় লাখ। এদের বড় অংশের তীব্র যন্ত্রণায় দিন কাটে। উপশমসেবা বা ‘প্যালিয়েটিভ কেয়ার’ যন্ত্রণা কমায়। কিন্তু দেশে এ সেবা খুব কমসংখ্যক রোগীকে দেওয়া সম্ভব হচ্ছে।
আয়োজকেরা বলেন, নিরাময়-অযোগ্য রোগে (যেমন ক্যানসারের শেষ পর্যায়) আক্রান্ত মানুষ ও তার পরিবার নিদারুণ কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হয়। অনেকে জীবনের আশা ছেড়ে দেয়, অবহেলার শিকার হয় আক্রান্ত মানুষ। স্বজনেরা বলেন ‘আর কিছু করার নেই’। কিন্তু এ রকম চিন্তা ভুল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু অবশ্যই করার থাকে। এর একটি পদক্ষেপ হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত যন্ত্রণা লাঘবের চেষ্টা করে যাওয়া।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, নিরাময়-অযোগ্য রোগে শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক—এ চার ধরনের সহায়তা দরকার। এর মধ্যে শারীরিক সহায়তা বা চিকিৎসা দিতে পারেন শুধু চিকিৎসকেরা। বাকি তিন ধরনের সহায়তার জন্য সরকার, সমাজ, পরিবার ও বন্ধুবান্ধবের এগিয়ে আসা দরকার। উপশমসেবায় এ চার ধরনের সহায়তা অন্তর্ভুক্ত করা হয়। বিএসএমএমইউতে ২০০৯ সাল থেকে এ সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজে এ সেবার ব্যবস্থা আছে। এ ছাড়া কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানেও এ সেবা দেওয়া হচ্ছে।
সাংসদ ও সংগীতশিল্পী মমতাজ বেগমের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। জীবনের শেষ দিনগুলোতে তীব্র যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন। বাবার জীবনের শেষ দিনগুলোর বর্ণনা দিয়ে অনুষ্ঠানে মমতাজ বলেন, নিরাময়-অযোগ্য রোগীদের সমস্যা ও উপশমসেবার বিষয় তিনি জাতীয় সংসদে উত্থাপন করবেন। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী বলেন, মানুষকে সচেতন করা বা উপশমসেবার যেকোনো উদ্যোগে তাঁরা যুক্ত থাকবেন।
অভিনেতা ইলিয়াস কাঞ্চন আলোচনায় অংশ নিয়ে বলেন, সেবার মানসিকতা গড়ে তোলার জন্য শিক্ষার প্রয়োজন। এ শিক্ষার শুরু পরিবার থেকেই হওয়া প্রয়োজন। শিশুসাহিত্যিক ফাহমিদা মঞ্জু মজিদ বলেন, হঠাৎ করে কেউ সেবায় নিয়োজিত হতে পারে না। এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষার প্রয়োজন হয়।
অনুষ্ঠানের সভাপতি ও বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, বৃদ্ধ বা নিরাময়-অযোগ্য রোগীর হাত ধরে যদি হাঁটানো যায় বা কেউ যদি তার চুল আঁচড়িয়ে দেয় তাহলে অনেক যন্ত্রণার লাঘব ঘটে। কিন্তু এ ধরনের সেবা দেওয়ার মানুষ ও মানসিকতা কমে গেছে। সবার সহায়তায় চিকিৎসাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত জনবল বাড়াতে হবে, সার্বিকভাবে সমাজের সাধারণ মানুষের এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।