নিরীক্ষকের ৯৮৪টি পদ শূন্য ছয় বছর ধরে নিয়োগও বন্ধ
১৯৮৫ সালের ২৪ এপ্রিল তত্কালীন মহাহিসাবরক্ষকের কার্যালয়ে জুনিয়র নিরীক্ষক বা অডিটর হিসেবে নিয়োগ পান মো. মোছলেহউদ্দিন। তিনি কাজে যোগ দিয়েছেন ওই বছরের ৭ মে। ২৫ বছর ধরে আছেন একই পদে। কিন্তু চাকরিবিধি অনুসারে তিন বছর পর তাঁর পদোন্নতি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বর্তমানে ওই কার্যালয়ে নিরীক্ষকের ৯৮৪টি পদ শূন্য আছে।কিন্তু শূন্যপদে ২০০৪ সালের পর থেকে এখন পর্যন্ত নিয়োগ বা নতুন করে পদোন্নতি দেওয়া হয়নি। কার্যালয়ের জন্য ২০০৩ সালের প্রস্তাবিত নিয়োগবিধিও এখন অনুমোদিত হয়নি। আর এ বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। মহাহিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) থেকে এ বিষয়ে ৩০ মার্চ অর্থসচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে এ কার্যালয়ে পদোন্নতি বা নিয়োগ বন্ধ থাকায় ৯৮৪ জন অডিটর ও ৩৭২ জন জুনিয়র অডিটর, ২১৮ জন টাইপিস্ট বা কম্পিউটার অপারেটরসহ মোট এক হাজার ৯৩৪টি শূন্যপদ রয়েছে। এর আগে ১ মার্চ আরেকটি চিঠি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ে।যোগাযোগ করা হলে অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ৫০ শতাংশ জনবলের অভাব রয়েছে। ফলে কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তিনি জানান, ১৯৮৩ সালের পর থেকে সরকারের দপ্তর, মন্ত্রণালয় ও অধিদপ্তরের জনবল বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওই অনুপাতে কার্যালয়ে জনবল নিয়োগ দেওয়া হয়নি। বরং ৯৮৪ জন নিরীক্ষকসহ মোট এক হাজার ৯৩৪টি পদ খালি রয়েছে। শূন্যপদে নিয়োগের জন্য সংস্থাপন মন্ত্রণালয় ছাড়পত্র দিলে কাজে আংশিক অচলাবস্থা দূর হতো। এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘হাইকোর্টের রায়ের আলোকে একটি অভিন্ন গ্রেডেশন তালিকা তৈরি করা হয়েছে। তবে এর বিরুদ্ধে আপিল হওয়ায় যতক্ষণ না উচ্চ আদালত থেকে এ বিষয়ে নির্দেশনা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত নিয়োগ বা পদোন্নতির ব্যাপারে উদ্যোগ নেওয়া যাচ্ছে না।’ সূত্র জানায়, মহাহিসাবনিয়ন্ত্রকের কার্যালয়ের পদোন্নতি এবং নিয়োগের ক্ষেত্রে কর্মচারী নিয়োগ বিধি ১৯৮৩ অনুযায়ী অডিটর পদে পদোন্নতির জন্য ফিডার পদ (জুনিয়র অডিটর, সাঁট মুদ্রাক্ষরিক ও মুদ্রাক্ষরিক) থেকে ৩০ শতাংশ হারে পদোন্নতি এবং ৭০ শতাংশ হারে সরাসরি নিয়োগের বিধান রয়েছে। ২০০৪ সালে শূন্যপদ থেকে ১৭৬ জনকে অডিটর পদে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু ফিডার পদধারীদের অভিন্ন গ্রেডেশেন তালিকা না থাকায় পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা ক্ষুণ্ন হয়। ফলে পদোন্নতিবঞ্চিত বজলুর রহমানসহ ১৩৮ জন হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নিরীক্ষক পদে নিয়োগের জন্য জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে একটি সম্মিলিত তালিকা তৈরি করতে নির্দেশ দেন। রায়ের অনুলিপি পাওয়ার চার মাসের মধ্যে তালিকাটি তৈরি করতে বলা হয়।এ ছাড়া পদোন্নতিবঞ্চিতদের জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশনা চেয়ে পদোন্নতিবঞ্চিত জুনিয়র অডিটর মোছলেহউদ্দিন হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২ আগস্ট আদালত রুল জারি করেন। এতে পদোন্নতিবঞ্চিতদের জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে পদোন্নতি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের প্রসঙ্গে ১ মার্চ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুসারে অভিন্ন গ্রেডেশন তালিকা তৈরির কাজ সম্পন্ন এবং পদোন্নতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে কর্মচারীদের মধ্যে ২৫ বছরের হতাশা দূর হবে এবং প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসবে। ১৩৮ জন রিট আবেদনকারীসহ পদোন্নতিবঞ্চিতদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হলে জ্যেষ্ঠতা এবং বেতন বৈষম্য দূর হবে।