নিরীক্ষা আপত্তিতে জড়িত ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা, যা ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ। প্রস্তাবিত বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সরকারি দলের মুহিবুর রহমানের এক প্রশ্নে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া জবাব থেকে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানসমূহের অনিষ্পন্ন নিরীক্ষা আপত্তির সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ১৩। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ।
অর্থমন্ত্রীর দেওয়া হিসাবে দেখা গেছে, সরকারের ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি ১৬ লাখ টাকার নিরীক্ষা আপত্তি রয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে স্থানীয় সরকার বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ৮৬০টি নিরীক্ষা আপত্তি রয়েছে। এর সঙ্গে জড়িত টাকার পরিমাণ ৫৬ হাজার ২৯২ কোটি ৫১ লাখ ৫০ হাজার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জড়িত টাকার পরিমাণ ৯৯ হাজার ৬১৪ কোটি, বিদ্যুৎ বিভাগে ৪৬ হাজার ৬৬ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ৩৩ হাজার ৮৭০ কোটি, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগে ২৫ হাজার ৭৫৫ কোটি, শিক্ষা মন্ত্রণালয়ে ২৫ হাজার ৯৯ কোটি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২৪ হাজার ১১৪ কোটি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ২২ হাজার ৪০৯ কোটি উল্লেখযোগ্য।