নিরীক্ষা আপত্তিতে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় কোটি টাকার নিরীক্ষা (অডিট) আপত্তির কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ সব শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আদলে ২০০৯ সালে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৬৫ জন। অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৭০। তবে অধ্যক্ষের দাবি, এই সংখ্যা ৮৭।
নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরে শিক্ষা বোর্ডের তহবিল থেকে প্রতিষ্ঠানটির অনুকূলে ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ১০৭ টাকা ব্যয় করা হয়েছে। এই ব্যয় বোর্ডের তহবিল থেকে সুনির্দিষ্ট কোনো আদেশ ব্যতীত ও বিধিবহির্ভূতভাবে করা হয়েছে।
এ ছাড়া ২০১৩ সালের জুন মাসে এ প্রকল্প সমাপ্তির পর ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয় কীভাবে নির্বাহ করা হবে এবং আয়ের উৎস কী হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সরকারি আদেশ, এমনকি শিক্ষা বোর্ডের কোনো সিদ্ধান্ত ছাড়াই অর্থ ব্যয় করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠান চত্বরে শহীদ মিনার নির্মাণকাজে পরিকল্পনা-নকশা-প্রাক্কলন ও দরপত্র এবং কোটেশন ছাড়াই ৫ লাখ ৯৪ হাজার ৪০৯ টাকা ব্যয় করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কাজের জন্য ওই অর্থ অগ্রিম ব্যয় করলেও নিরীক্ষকদের সামনে এ-সংক্রান্ত নথি দেখাতে ব্যর্থ হন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত ২২ মার্চ ওই নিরীক্ষা আপত্তি এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠান।
চেয়ারম্যানের চিঠি সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকে আট কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য খরচ বাবদ আরও ছয় কোটি টাকা ব্যয় হয়। প্রতিষ্ঠানের বার্ষিক আয় ২ কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৭৪০ টাকা এবং ব্যয় ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। চিঠিতে বলা হয়েছে, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের বেতন-ভাতা বোর্ডের তহবিল থেকে সরবরাহ অব্যাহত রাখলে তার দায়-দায়িত্ব শিক্ষা বোর্ড তথা চেয়ারম্যানের ওপর বর্তাবে।
রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোকবুল হোসেন বলেন, ‘নিরীক্ষা আপত্তির বিষয়ে আমি গতকাল সোমবার একটি চিঠি পেয়েছি। সবকিছু শিক্ষা বোর্ড থেকে করা হয়েছে। আমার কাছ থেকে কোনো তথ্য চাওয়া হয়নি।’ অধ্যক্ষ আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৮৭ জন। অথচ বোর্ড এখন ৭০ জনের কথা বলছে। এ ছাড়া প্রকল্পের মেয়াদ ২০১৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত বোর্ডের নিজস্ব তহবিল থেকেই বেতন দেওয়ার কথা। এ ছাড়া তিন সদস্যবিশিষ্ট শহীদ মিনার নির্মাণ কমিটিতে তাঁর নাম নেই। অথচ নিরীক্ষা প্রতিবেদনে তাঁকে জড়িয়ে আপত্তি তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত জানান, তিনি যোগদান করার পর ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সব শিক্ষক-কর্মচারীকে নিয়ে বসেছিলেন। মন্ত্রণালয়ের নির্দেশ না আসা পর্যন্ত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ব্যয় নির্বাহের জন্য বলেছেন। আর অতিরিক্ত শিক্ষক-কর্মচারীর ব্যাপারে তিনি বলেন, অতিরিক্ত ১৭ জনের কোনো নথি তিনি বোর্ডে পাননি।