মুঠোফোন ও বেসরকারি ল্যান্ডফোন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক-পিএসটিএন) অপারেটরদের হিসাব নিরীক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিরীক্ষা প্রতিষ্ঠান (অডিট ফার্ম) নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।বিটিআরসির নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগসংক্রান্ত উপদেষ্টা নুরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে রোববার আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা অনুসরণ না করার অভিযোগ এনে কে এম আলম অ্যান্ড কোম্পানির পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এর আগে গত ২৩ জুন নিরীক্ষার জন্য দুটি প্রতিষ্ঠানকে দেওয়া নিয়োগের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি ও সিপিটিইউয়ের চেয়ারম্যানের প্রতি রুল জারি করেন। ওই আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি। এর পরিপ্রেক্ষিতে ৫ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করেন।রিট আবেদনকারীর আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ পরে প্রথম আলোকে জানান, রুলের চূড়ান্ত শুনানির পর বিটিআরসির নিরীক্ষক নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করেছেন আদালত। আর পিপিআর-২০০৮ অনুসরণ করে সিপিটিইউয়ের রিভিউ প্যানেলের নির্দেশমতো নতুন নিয়োগ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এর ফলে এত দিন ধরে গ্রামীণফোন ও বাংলালিংকে নিরীক্ষার যে কার্যক্রম চালানো হয়েছে, তারও কোনো বৈধতা রইল না।নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তাঁদের প্রতিষ্ঠানে অডিট চলছে। তাঁরা প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। বাংলালিংক জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানেও অডিট চলছে।গত বছরের অক্টোবরে মুঠোফোন ও পিএসটিএন কোম্পানিগুলোর হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। পরে সিপিটিইউয়ের কাছে কে এম আলম অ্যান্ড কোম্পানি অভিযোগ করে, বিটিআরসির নিয়োগপ্রক্রিয়ায় পিপিআর অনুসরণ করা হয়নি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিটিইউয়ের একটি রিভিউ প্যানেল কে এম আলমের অভিযোগ সত্য বলে স্বীকার করে এবং বিটিআরসিকে পিপিআর অনুসরণ করে নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দেয়। এ সিদ্ধান্ত মেনে নিতে বিটিআরসিকে ২৪ মে চিঠি দেয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়, কিন্তু ২৬ মে ফিরতি চিঠিতে বিটিআরসি জনস্বার্থে ওই নিরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করে কে এম আলম অ্যান্ড কোম্পানি।বিটিআরসি বিভিন্ন প্রক্রিয়া শেষে গত এপ্রিলে ছয়টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। ৫ এপ্রিল থেকে প্রাথমিকভাবে দুটি প্রতিষ্ঠানকে অন্যতম প্রধান দুই মুঠোফোন অপারেটরের হিসাব নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে বি-গ্রেডের ফার্ম এম এ ফজল অ্যান্ড কোংকে দেওয়া হয় গ্রামীণফোনের নিরীক্ষার কাজ, আর বাংলালিংকের নিরীক্ষার কাজ দেওয়া হয় প্রথমে আহমেদ জাকের অ্যান্ড কোংকে; পরে পরিবর্তন করে নিয়োগ দেওয়া হয় আজিজ হালিম খায়ের চৌধুরী ফার্মকে।