নিরীক্ষা বিভাগ পুনর্গঠন থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নিরীক্ষা (অডিট) বিভাগের প্রায় ৩০ বছরের পুরোনো কাঠামো হালনাগাদ করে পুনর্গঠনের কাজ থমকে আছে। প্রায় দেড় বছর আগে নিরীক্ষা অধিদপ্তরগুলোর সাংগঠনিক কাঠামো ও কাজ পুনর্বিন্যাসের প্রস্তাব করেছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়। প্রস্তাব পর্যালোচনার জন্য প্রায় ১৫ মাস পর গঠিত কমিটি এ পর্যন্ত মাত্র একটি সভা করেছে।
সিএজি কার্যালয় বলছে, আধুনিক নিরীক্ষার জন্য যে শ্রেণি ও মানের লোকবল থাকা দরকার, তা বর্তমান কাঠামোতে নেই। গত ৩০ বছরে সরকারের আয়-ব্যয় বহু গুণে বাড়লেও নিরীক্ষা বিভাগের জনবল বাড়েনি।
সিএজি কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রশাসনিক কাঠামোর সঙ্গে নিরীক্ষা অধিদপ্তরগুলোর কাঠামো না মেলায় সমন্বয়হীনতা রয়েছে। এসব সমস্যা জরুরি ভিত্তিতে দূর করার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়। প্রায় ১৫ মাস পর চলতি বছরের মে মাসে ওই প্রস্তাব পর্যালোচনার জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটিকে জরুরি ভিত্তিতে পুনর্গঠন প্রস্তাব পরীক্ষা ও এর যৌক্তিকতা পর্যালোচনা করে অর্থসচিব বরাবর প্রতিবেদন দিতে বলা হয়েছে। ৩ সেপ্টেম্বর ওই কমিটি একমাত্র বৈঠক করেছে।
জানতে চাইলে কমিটির সভাপতি অর্থ বিভাগের প্রশাসন ও ব্যয়নিয়ন্ত্রণ শাখার অতিরিক্ত সচিব মো. মুজিবুর রহমান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘অডিট বিভাগ পুনর্গঠনের একটি প্রস্তাব আমরা পেয়েছি। এটি নিয়ে চিন্তাভাবনা ও যাচাই-বাছাই চলছে।’
কাঠামো পুনর্গঠনের পেছনে যুক্তি হিসেবে নিরীক্ষা বিভাগ বলছে, ১৯৮২-৮৩ অর্থবছরে সর্বশেষ যখন কাঠামো পুনর্গঠন করা হয়েছিল, তখন সরকারের বাজেট ছিল প্রায় ১৫ হাজার কোটি (১৪ হাজার ৮৬৩ কোটি) টাকা। কিন্তু ২০১৪-১৫ অর্থবছরে বাজেট বেড়ে দাঁড়িয়েছে আড়াই লাখ কোটি (২,৫০,৫০৬ কোটি) টাকায়। এই সময়ে নির্বাহী বিভাগেরও জনবল বেড়েছে বিপুল সংখ্যায়। ১৯৮৩ সালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনে পদ ছিল সাত লাখ ৩৫ হাজার ৩৬১ (প্রথম শ্রেণি ৪৯,৯১৫); ২০০৮ সালের ডিসেম্বরে অনুমোদিত পদের সংখ্যা হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৭৬৪ (প্রথম শ্রেণি এক লাখ ২৪ হাজার ১৪৩)। অথচ অডিট বিভাগের অনুমোদিত পদ তিন হাজার ৬৭৩ থেকে বেড়ে তিন হাজার ৭৪৫ হয়েছে। গত ৩০ বছরে সিএজি কার্যালয়ের পদসংখ্যা বেড়েছে মাত্র ২ শতাংশের মতো। এর মধ্যে ক্যাডার কর্মকর্তা মাত্র ১৩৪ জন। দক্ষ জনবলের স্বল্পতার জন্য সরকারের ২০ হাজারের বেশি প্রতিষ্ঠানের বেশির ভাগেরই প্রতিবছর অডিট করা সম্ভব হচ্ছে না।
সিএজি কার্যালয় প্রস্তাব করেছে, বিদ্যমান ১০টি অডিট অধিদপ্তরের মধ্যে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরকে বিলুপ্ত করে আরও ১০টি নতুন অধিদপ্তর স্থাপন করা হোক।
গত বছর যখন নিরীক্ষা বিভাগকে ঢেলে সাজানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, তখন সিএজি ছিলেন আহমেদ আতাউল হাকিম। তিনি বলেন, ‘নিরীক্ষা বিভাগকে শক্তিশালী করার কথা উঠলেই অর্থ মন্ত্রণালয় বিন্দুমাত্র সহযোগিতা করে না।’
সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান বলেন, ‘বহু বছর ধরে নিরীক্ষা বিভাগ দুর্বল, এখানে নানা ধরনের সমস্যা আছে। এগুলো দূর করতে সাবেক অডিটর জেনারেলরা চেষ্টা করেছেন, আমিও করেছি। কিন্তু কেউই পারিনি। সরকার হয়তো দুর্নীতিকে প্রশ্রয় দিতে চায়, তাই হয়তো অডিট বিভাগকে শক্তিশালী করে না।’