নিরীক্ষাকাজে স্বচ্ছতা আনতে বিল পাস
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তৈরি, হিসাবরক্ষণ ও নিরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল রোববার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমকে সুনিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে একটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এই কাউন্সিলের চেয়ারম্যান সরকার নিয়োগ করবে। চেয়ারম্যান নিয়োগে সরকারকে সুপারিশ করতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সভাপতিত্বে তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মনোনীত একজন সদস্য ও অর্থসচিব হবেন এই কমিটির সদস্য।
বিলে ‘পেশাদার অ্যাকাউন্ট্যান্ট’ বলতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যাট অব বাংলাদেশের (আইসিএমএবি) সদস্যদের বোঝানো হয়েছে। পেশাদার ‘অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান’ বলে এ দুটি প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে।
বর্তমানে পেশাদার অ্যাকাউন্ট্যান্ট বলতে শুধু আইসিএবির সদস্যদের বোঝানো হয়।
বিলে বলা হয়েছে, কাউন্সিলে তালিকাভুক্ত না হলে কোনো নিরীক্ষক বা নিরীক্ষা প্রতিষ্ঠান কোনো সংস্থার নিরীক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবে না। পাস হওয়া বিলে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অর্ডার, ১৯৭৩; ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১; কোম্পানি আইন, ১৯৯৪ এবং বীমা আইন, ২০১০-এর কিছু বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিদেশিদের সম্পদের তথ্য দিতে হবে: দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা ও বিদেশে তাঁদের সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (সংশোধন) বিল, ২০১৫’ সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিদ্যমান এ আইনে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সম্পদের তথ্য চাওয়ার বিষয়ে অস্পষ্টতা আছে।
বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। তাঁরা আইন বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা থাকে। কিন্তু আমরা যারা আছি, তারা কি ঘোড়ার ঘাস কাটি? মন্ত্রিসভা কি ঘোড়ার ঘাস কাটে? যারা নেতৃত্বে আছে, তারা জানে কীভাবে আমলাতন্ত্রকে ধরতে হয়।’
এরপর নোটিশদাতা জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতার জন্য নোটিশ দিই। সব যদি নাকচ হয়, তাহলে তো গণতন্ত্র থাকে না।’
জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ফখরুল ইমাম সাহেব সব সময় কিছু না কিছু নোটিশ দেন। তার কিছু গ্রহণও করা হয়। কিন্তু আজ অত্যন্ত দুঃখের দিন। কোনো নোটিশই গ্রহণ করা গেল না।’
নৌবন্দরে স্থাপনা তৈরির বিধান রেখে বিল: নৌবন্দরগুলোকে সচল রাখতে প্রয়োজনীয় স্থাপনা তৈরির বিধান রেখে দ্য পোর্টস (সংশোধন) বিল, ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নৌবন্দরগুলোকে সচল রাখার জন্য কোনো স্থাপনা নির্মাণ করা হলে বা ইতিমধ্যে স্থাপনা নির্মিত হয়ে থাকলে তা প্রাকৃতিক জলাধার আইনের লঙ্ঘন হবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীবন্দরগুলো উন্নয়নের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বাড়াতে দ্য পোর্টস অ্যাক্ট, ১৯০৮ সংশোধনের প্রয়োজন।