নিরীহ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান বিশেষ অভিযানে নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, চট্টগ্রামে যাঁদের গ্রেপ্তার করা হচ্ছে তাঁদের বেশির ভাগই ওয়ারেন্টভুক্ত আসামি। এর বাইরে যাঁদের আটক করা হচ্ছে, তাঁদের আদালতে চালান দেওয়ার আগে ভালো করে যাচাই-বাছাই করতে সব থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন পুলিশ সুপার। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় হাফিজ আক্তার বলেন, চলমান সাঁড়াশি অভিযানে চট্টগ্রামে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে। আসলে চট্টগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা অনেক বেশি। মাঝে নির্বাচনের কারণে গ্রেপ্তার অভিযান কম হয়েছে। ফলে ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা বেড়ে গেছে।
বাসা ভাড়া নিয়ে যাতে কেউ জঙ্গি কর্মকাণ্ড চালাতে না পারে, তা তদারকি করতে বাড়ির মালিকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চান জেলা পুলিশ সুপার। তিনি বলেন, আমাদের তথ্যানুযায়ী ২০ থেকে ৩৫ বছর বয়সী কিছু বিপথগামী যুবক জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাঁরা বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তাঁদের কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই বয়সী কয়েকজন যুবক একসঙ্গে বাসা ভাড়া নিতে চান, তাহলে তাঁদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, মুঠোফোন নম্বর সংগ্রহে রাখার পরামর্শ দেন তিনি। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলগুলো নগরে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, নগরে যানজট বেড়ে গেছে। এ বিষয়টি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ওপর নজরদারি প্রয়োজন। অনেক সময় দেখা যায়, রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা দায়িত্ব পালন না করে দূরে দাঁড়িয়ে থাকেন। তারা আরেকটু সক্রিয় হলে যানজট নিয়ন্ত্রণ সহজ হবে।
সভায় জানানো হয়, গত এপ্রিল ও মে এই দুই মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম নগর ও জেলায় মোট ৩২৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ৭৮৭ জনকে ৪৭ লাখ ৮২ হাজার ৩৭০ টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ১৫১ জনকে।
সভায় বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।