নিরীহ জনগণকে পোড়ানোর রাজনীতি পরিহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্যুবিহীন হরতাল দিয়ে নিরীহ জনগণকে আগুনে পোড়ানোর রাজনীতি পরিহার করে সংসদে এসে জনগণের কল্যাণে রাজনীতি করতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।২৭ জুনের হরতালে অগ্নিদগ্ধ ফারুক ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতি এই আহ্বান জানান। বিএনপি আহূত ওই হরতালের আগের রাতে মগবাজারে একটি গাড়িতে আগুন দেওয়া হলে ফারুক ও সুমন নামের দুই মোটর মেকানিক অগ্নিদগ্ধ হন। তাঁরা দুজন গাড়িটি সারিয়ে মিরপুর থেকে ধোলাইখালে নিয়ে যাচ্ছিলেন। ওই দুজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, সুমন কিছুটা সুস্থ হলেও ফারুকের অবস্থা সংকটাপন্ন। অগ্নিদগ্ধ ফারুক ও সুমনকে দেখতে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, পেট্রোল ঢেলে, সাধারণ মানুষের গায়ে আগুন দিয়ে জীবন ধ্বংস করা কোনো শুভ রাজনীতি নয়। এসব ত্যাগ করে তিনি বিএনপিকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীকে দেখে গুরুতর আহত ফারুকের মা কান্নায় ভেঙে পড়েন। শেখ হাসিনা নিজেও এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। ফারুকের মা শুধু বলছিলেন ‘আমার ছেলের কী অপরাধ?’ফারুকের মাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তিনি ফারুক ও সুমনের পরিবারের সদস্য ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ফারুক ও সুমনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অগ্নিদগ্ধদেরও দেখতে যান। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।ফারুকের অবস্থা সংকটাপন্ন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে আছেন ফারুক। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ফারুক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে একই ঘটনায় অগ্নিদগ্ধ সুমনের অবস্থা মোটামুটি ভালো বলে জানান ডা. সামন্ত লাল।