নিরীহ যুবককে গ্রেপ্তার করে জঙ্গি বলে প্রচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হোটেল ওয়েস্টিন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে র্যাব-১-এর সদস্যরা আনিসুজ্জামান রাজীব (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন। গতকাল শনিবার দুপুরে তাঁকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব দাবি করেছে। র্যাবের বিজ্ঞপ্তিতে তাঁকে হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য বলেও দাবি করা হয়েছে।তবে রাজীবের বাবা আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে এ ধরনের কোনো সংগঠনের সদস্য নন। তিনি এমন কোনো হুমকিও দেননি। র্যাবের এক কর্মকর্তার ভাগ্নির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরেই তাঁকে ধরিয়ে দেওয়া হয়েছে এবং জঙ্গি বলে প্রচার করা হচ্ছে।রাজীবের বাবা নরসিংদীর রায়পুরা এলাকার একটি স্কুলের কর্মচারী। তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজীবের আরেক আত্মীয় অভিযোগ করেন, রাজীবকে গ্রেপ্তারের আগে ওই মেয়েটির পরিবার থেকে তাঁদের র্যাব দিয়ে ধরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।র্যাবের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁদের হাতে এ সংক্রান্ত প্রমাণ আছে। র্যাব দাবি করে, ৪ ফেব্রুয়ারি দুপুরে আনিসুজ্জামান রাজীব (২৬) ওয়েস্টিন হোটেলে ফোন করে হোটেলটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। র্যাবের সদস্যরা গতকাল বনানী ১১ নম্বর রোডের প্রেসক্রিপশন পয়েন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।