নিরীহ লোকদের চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মিথ্যা চাঁদাবাজির মামলায় নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন। থানার পুলিশ টাকার বিনিময়ে এসব মিথ্যা মামলা রেকর্ড করছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। জেলা পুলিশ সুপার বলছেন, ওই উপজেলায় এমন মামলার সংখ্যা এখন কমে এসেছে।অভিযোগ সূত্রে জানা যায়, আশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও দাওরাই গ্রামের বাসিন্দা মদরিছ মিয়ার নিকটাত্মীয়দের সঙ্গে একই গ্রামের আজাদ মিয়ার জমিসংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। তাই আজাদ মিয়া বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি মদরিছ মিয়া, প্রবাসী নূর হোসেনসহ আটজনকে আসামি করে জগন্নাথপুর থানায় চাঁদাবাজির একটি মামলা করেন।আশারকান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান বলেন, ‘ওই দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ আছে জানি। কিন্তু তারা চাঁদাবাজ প্রকৃতির লোক না। এটা ইউনিয়নের সবাই জানে।’একইভাবে পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের ছমির উদ্দিন, খলিল উদ্দিন, গিয়াস উদ্দিন সাহাব উদ্দিন নামের চার ভাইয়ের বিরুদ্ধে তাঁদের চাচাতো ভাই গৌছ উদ্দিন বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা করেন। পাটলী ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম লিখিত প্রত্যয়নপত্রে উল্লেখ করেন, ‘আসামিরা এলাকায় নিরীহ ব্যবসায়ী হিসেবে পরিচিত। কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা নেই।’উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপির চেয়ারম্যান আরশ আলী অভিযোগ করেন, ‘আমার ইউনিয়নের বাউধরন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জড়িয়ে এ রকম একটি চাঁদাবাজির মামলা দায়ের হলে পুলিশকে মামলা না নেওয়ার অনুরোধ করি। এর পরও পুলিশ টাকার বিনিময়ে নিরপরাধ মানুষদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড করে। বিষয়টি আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করেছি।’উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘বিগত দুটি সভায় এলাকার নিরপরাধ লোকদের জড়িয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।’ পুলিশ তাদের স্বার্থে নিরপরাধ ব্যক্তিদের চাঁদাবাজির কলঙ্ক দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসী-অধ্যুষিত এ উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ দেখা দেয়। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ তখন মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ৩৮৫ ধারায় চাঁদাবাজির মামলা রুজুর পরামর্শ দেয়। কারণ, এ ধারায় মামলা হলে আদালত থেকে সহজে জামিন পাওয়া যায় না। এসব মামলা থেকে পুলিশ কর্মকর্তারা আর্থিক সুবিধা পান ঠিকই, কিন্তু নিরপরাধ ব্যক্তিরা হাজত খাটেন।সুনামগঞ্জ জজ আদালতের আইনজীবী সবিতা চক্রবর্তী প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মতো গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত ছাড়া রেকর্ড করার নিয়ম নেই। কারণ, এসব ধারার মামলাগুলো জামিন-অযোগ্য। যে কারণে অনেক মিথ্যা মামলায় নিরপরাধ ব্যক্তিকে হাজতবাস করতে হয়।উৎকোচের বিনিময়ে মামলা রেকর্ডের কথা অস্বীকার করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অনেক সময় লিখিত অভিযোগ পেলে মামলা রেকর্ড করতে হয়। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে অভিযোগপত্রে (চার্জশীট) তা উল্লেখ করা হয়।সুনামগঞ্জের পুলিশ সুপার গোলাম কিবরিয়া বলেন, জগন্নাথপুর থানাকে সতর্কতার সঙ্গে এসব মামলা রেকর্ড করতে বলা হয়েছে। এখন চাঁদাবাজির মামলা অনেকটা কমে এসেছে বলে দাবি করেন তিনি।