জাতিসংঘ আদলের সম্মেলন উদ্বোধনকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিরীহকে হত্যাকালে তারা নীরব থাকে, ফাঁসি হলে প্রশ্ন তোলে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘যখন নিরীহ মানুষকে হত্যা করা হয়, তখন মানবাধিকার সংগঠনগুলো নীরব থাকে। আর গণহত্যার দায়ে কাউকে ফাঁসির সাজা দেওয়া হলে মানবাধিকারের প্রশ্ন তোলা হয়। মানবাধিকার সংগঠনগুলো এ প্রশ্ন তুলে আসলে কী বোঝাতে চেয়েছে?’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বুধবার সকালে সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সেখানে জাতিসংঘের আদলে চার দিনব্যাপী সম্মেলন ‘ইউনিস্যাব মান-২০১৪’ শুরু হয়। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এবং রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তা বাস্তবায়নে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আর এ লক্ষ্যে মানবতার কল্যাণে তরুণদের কাজ করতে হবে। জাতিসংঘে মানবাধিকারের বিষয়টি বর্তমানে উপেক্ষিত উল্লেখ করে নারায়ণ চন্দ্র বলেন, ‘এর মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনির বুকে নিরীহ মানুষ খুন হলেও কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আমরা জাতিসংঘের কাছে যতটা প্রত্যাশা করেছিলাম, সেই অনুযায়ী অগ্রগতি হয়নি।’
ইউনিস্যাবের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন, প্রক্টর তারিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে ফজলে হোসেন বাদশা বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যারা আছে তারাই যুদ্ধবাজে পরিণত হয়েছে। তাদের দ্বারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৫০ জন শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।